জাঠ বিক্ষোভে পানির কষ্টে দিল্লির কোটি মানুষ
ভারতের হরিয়ানা রাজ্যে চাকরি ও শিক্ষা খাতে কোটা সংরক্ষণের দাবিতে জাঠ সম্প্রদায়ের আন্দোলন আবারও সহিংস রূপ নিয়েছে। বিক্ষোভরত জাঠরা দিল্লির পানি সরবরাহের প্রধান উৎস মুনাক খালের প্রবাহ বন্ধ করে দেওয়ায় দিল্লির প্রায় এক কোটি মানুষ পানির কষ্টে পড়েছে।
দেশটির সুপ্রিম কোর্ট গতকাল সোমবার পরিস্থিতি জানতে দুই দিনের মধ্যে প্রতিবেদন দিতে কেন্দ্র ও উত্তর প্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছেন। খবর দ্য হিন্দু ও বিবিসির।
কোটার দাবিতে জাঠদের নয় দিনের আন্দোলনে নিহত হয়েছে ১৬ জন। আহত হয়েছে দেড় শ জনের বেশি। সহিংস আন্দোলনের মুখে রোববার সন্ধ্যায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আন্দোলনকারী নেতাদের বৈঠকে রফা হয়, জাঠদের দাবি মেনে নেওয়া হবে। বৈঠকের পর নেতারাও সহিংসতা পরিহার করার আহ্বান জানান। তবে এই আহ্বানের পরও গতকাল হরিয়ানার রোহতক এবং সোনেপত এলাকায় সহিংসতা দেখা দেয়। বিক্ষোভকারীরা দিল্লি-আম্বালা মহাসড়ক বন্ধ করে দেয়। আন্দোলনকারীরা সরকারের দেওয়া প্রতিশ্রুতি লিখিত আকারে দেওয়ার দাবি জানায়।
জাঠদের এই বিক্ষোভে সবচেয়ে বেশি বিপদে পড়েছে দিল্লিবাসী। দিল্লির ১ কোটি ৬০ লাখ মানুষের মোট পানির চাহিদার তিন-পঞ্চমাংশ পানিই আসে হরিয়ানার মুনাক খাল থেকে। বিক্ষোভ শুরু হওয়ার পর তা বন্ধ করে দেওয়ায় সেখানকার মানুষের পানির সরবরাহ বন্ধ হয়ে গেছে। দিল্লির ওয়াটার বোর্ডের প্রধান কেশব চন্দ্র বিবিসিকে বলেন, পানির সরবরাহ স্বাভাবিক হতে আরও তিন থেকে চার দিন লাগবে।
গতকালের বিক্ষোভের সময় এক বিচারকের গাড়ি পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। হিসার এবং ঝিন্দ এলাকার মহাসড়কও বন্ধ হয়ে যায়। গতকালের বিক্ষোভের পর আন্দোলনকারীরা বৈঠকে বসে। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন।
এদিকে ভারতের প্রধান বিচারপতি টি এস ঠাকুরের নেতৃত্বে গঠিত বেঞ্চ হরিয়ানার পরিস্থিতির ওপর প্রতিবেদন দিতে কেন্দ্র ও উত্তর প্রদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। পানি সরবরাহ নিশ্চিত করতে দিল্লি সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন। সুপ্রিম কোর্ট শান্ত থাকার জন্যও আহ্বান জানান আন্দোলনকারীদের প্রতি।