জাঠ সংরক্ষণের দাবি মানছে হরিয়ানা সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরিয়ানা সরকার জাঠদের সংরক্ষণের দাবি মেনে নিচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকের পর আজ রোববার সন্ধ্যায় দিল্লিতে দাবি মানার এই সিদ্ধান্তের খবর জানান জাঠনেতা জয়পাল সিং সাঙ্গওয়ান। তিনি বলেন, রাজ্য বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনে জাঠদের এই সুবিধা দেওয়া হবে।

আন্দোলনকারীদের অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন হিংসা ত্যাগ করেন, অবরোধ তুলে নেন ও পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনকে সাহায্য করেন। ওই বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সেনাপ্রধান দলবীর সিং ও দিল্লির পুলিশ কমিশনার বি এস বাসসি উপস্থিত ছিলেন।

সংরক্ষণের দাবিতে ভারতের উত্তর-পশ্চিম সীমান্তের রাজ্য হরিয়ানার জনজীবন স্তব্ধ। রাজ্যের নানা স্থানে হিংসাত্মক বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে দেড় শতাধিক মানুষ। রাজ্যে মোতায়েন করা হয়েছে অন্তত পাঁচ হাজার সেনাসদস্য। স্পর্শকাতর শহর ও জনপদে কারফিউ জারি রয়েছে।

এই আন্দোলনের ফলে রাজধানী দিল্লির পানি সরবরাহ মারাত্মক ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দিল্লির পানি প্রধানত সরবরাহ হয় হরিয়ানা থেকে। পানির সরবরাহ বন্ধের আশঙ্কায় রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কাল সোমবার রাজধানীর সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় সরকার হরিয়ানার বিজেপির মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারকে নির্দেশ দিয়েছে, কোনোভাবেই যেন পানি সরবরাহ বন্ধ না হয়।

সংরক্ষণের এই দাবি বেশ পুরোনো। কিন্তু কখনো এই আন্দোলন এবারের মতো হিংসাত্মক হয়ে ওঠেনি। রাজ্যের রোহতক, হিসার, ভিওয়ানি, ঝজ্জর প্রভৃতি এলাকায় আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়েছে। সাতটি রেলস্টেশন, মন্ত্রীর বাড়ি, পেট্রল পাম্প, এটিএম বুথ, বাস ও ট্রাকে আগুন লাগানো হয়েছে। লুট হয়েছে বহু দোকান ও বাড়ি। অবরুদ্ধ রয়েছে বিভিন্ন জাতীয় সড়ক। এর ফলে হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশের সঙ্গে দিল্লির যোগাযোগ-ব্যবস্থা বিপর্যস্ত। কোনো ট্রেন চলছে না। ৭০০ ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। দূরপাল্লার বাসও বন্ধ। এ অবস্থায় আকাশছোঁয়া হয়েছে বিমান ভাড়া। তিন-চার হাজারের বিমানের টিকিট বেড়ে হয়েছে বিশ-তিরিশ হাজার।

দেশের বৃহত্তম মোটর গাড়ি নির্মাতা মারুতি-সুজুকির কারখানা দিল্লির লাগোয়া হরিয়ানার গুড়গাঁওয়ে। যন্ত্রাংশ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় এই কারখানায় উৎপাদনও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এক কথায় পরিস্থিতি খুবই ঘোলাটে।

এই অবস্থায় রোববার সন্ধ্যায় রাজ্যের জাঠ ও খাপ নেতাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারও আলাপ আলোচনার মধ্য দিয়ে সমাধানে আগ্রহ প্রকাশ করেন। সরকারের দাবি মেনে নেওয়ার কথা জয়পাল সিং সাঙ্গওয়ান জানালেও কীভাবে তা সম্ভব, সেই প্রশ্নও উঠছে। কারণ, অতীতে এমন সিদ্ধান্ত পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন।

জাঠেরা মূলত কৃষিজীবী। অর্থনৈতিকভাবে তারা অনগ্রসর নয়। ১৯৯৭ সালে উত্তর প্রদেশ, হরিয়ানা ও মধ্যপ্রদেশের জাঠ সম্প্রদায় কেন্দ্রীয় ওবিসি তালিকাভুক্ত হওয়ার দাবি জানায়। যদিও ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস তা খারিজ করে। ২০১২ সালের এক জরিপে দেখা যায়, হরিয়ানার জাঠেরা অর্থনৈতিক দিক থেকে উন্নত শ্রেণিতুল্য। এ সত্ত্বেও হরিয়ানার জাঠেরা তাদের দাবি থেকে সরেনি। ২০০৪ সালে বিধানসভার ভোটে কংগ্রেস জাঠদের সংরক্ষণের প্রতিশ্রুতি দেয়। কংগ্রেস জেতে। মুখ্যমন্ত্রী হন ভূপিন্দর সিং হুডা।
২০১৪ সালের ভোটের আগে হুডা জাঠসহ আরও তিন জাতকে বিশেষ অনগ্রসর কোটায় অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু সিদ্ধান্তটি রাজ্যের হাইকোর্ট খারিজ করে দেন। কেন্দ্রীয় সরকারও মোট ৯ রাজ্যের জাঠদের ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার যে নির্দেশ জারি করেছিল, ২০১৫ সালে সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেন। সুপ্রিম কোর্টের নির্দেশ, মোট সংরক্ষণ কোনোভাবেই ৫০ শতাংশের বেশি হতে পারবে না। জাঠেরা ওবিসিভুক্ত হলে রাজ্য সরকারের ২৭ শতাংশ সংরক্ষিত চাকরির ভাগীদার হতে পারবে।