জাঠদের দাবি মেনে নিল হরিয়ানা সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের হরিয়ানা রাজ্য সরকার শেষ পর্যন্ত জাঠদের সংরক্ষণের দাবি মেনে নিচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকের পর গতকাল রোববার সন্ধ্যায় দিল্লিতে দাবি মানার এই সিদ্ধান্তের খবর জানান জাঠ সংঘর্ষ সমিতির নেতা জয়পাল সিং সাঙ্গওয়ান। তিনি বলেন, রাজ্য বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনেই জাঠ সম্প্রদায়কে এই সুবিধা দেওয়া হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জয়পাল সিং সাঙ্গওয়ান বলেন, আন্দোলনকারীদের অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন সহিংসতা বন্ধ করেন। অবরোধ তুলে নেন ও পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনকে সাহায্য করেন। ওই বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সেনাপ্রধান দলবীর সিং ও দিল্লির পুলিশ কমিশনার বি এস বাসসি উপস্থিত ছিলেন।
সংরক্ষণের দাবিতে সহিংস আন্দোলনের জেরে ভারতের উত্তর-পশ্চিম সীমান্তের রাজ্য হরিয়ানার জনজীবন স্তব্ধ। রাজ্যের নানা স্থানে হিংসাত্মক বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে দেড় শতাধিক। রাজ্যে মোতায়েন করা হয়েছে অন্তত পাঁচ হাজার সেনা।
এই আন্দোলনের ফলে রাজধানী দিল্লির পানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দিল্লির পানি প্রধানত সরবরাহ হয় হরিয়ানা থেকে। পানি বন্ধের আশঙ্কায় রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ সোমবার রাজধানীর সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
হরিয়ানায় জাঠদের কোটা সংরক্ষণের এই দাবি বেশ পুরোনো। কিন্তু কখনো এই আন্দোলন এবারের মতো হিংসাত্মক হয়ে ওঠেনি। রাজ্যের রোহতক, হিসার, ভিওয়ানি, ঝজ্জর প্রভৃতি এলাকায় আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়েছে। সাতটি রেলস্টেশন, মন্ত্রীর বাড়ি, পেট্রলপাম্প, এটিএম বুথ, বাস ও ট্রাকে আগুন লাগানো হয়েছে। লুট হয়েছে বহু দোকান ও বাড়ি। দিল্লির লাগোয়া হরিয়ানার গুরগাঁওয়েই দেশের বৃহত্তম মোটরগাড়ি নির্মাতা মারুতি-সুজুকির কারখানা। যন্ত্রাংশ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সেখানে উৎপাদনও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এই অবস্থায় গতকাল সন্ধ্যায় রাজ্যের জাঠ ও খাপ নেতাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সরকারের দাবি মেনে নেওয়ার কথা জয়পাল সিং সাঙ্গওয়ান জানালেও কীভাবে তা সম্ভব, সেই প্রশ্নও উঠছে।
কৃষিজীবী জাঠরা কিন্তু অর্থনৈতিকভাবে অনগ্রসর নয়। ১৯৯৭ সালে উত্তর প্রদেশ, হরিয়ানা ও মধ্যপ্রদেশের জাঠ সম্প্রদায় কেন্দ্রীয় ওবিসি (অনগ্রসর সম্প্রদায়) তালিকাভুক্ত হওয়ার দাবি জানায়। ওবিসিভুক্ত হলে তারা রাজ্য সরকারের ২৭ শতাংশ সংরক্ষিত চাকরির ভাগীদার হতে পারবে। যদিও ২০১২ সালের এক জরিপে দেখা যায়, হরিয়ানার জাঠরা অর্থনৈতিক দিক থেকে উন্নত শ্রেণিতুল্য। ২০০৪ সালে বিধানসভার ভোটে কংগ্রেস জাঠদের কোটা সংরক্ষণের প্রতিশ্রুতি দেয়। কংগ্রেস জেতে। মুখ্যমন্ত্রী হন ভূপিন্দর সিং হুডা। ২০১৪ সালের ভোটের আগে হুডা জাঠসহ আরও তিন জাতকে বিশেষ অনগ্রসর কোটায় অন্তর্ভুক্ত করেন। কিন্তু সিদ্ধান্তটি রাজ্যের হাইকোর্ট খারিজ করে দেন। কেন্দ্রীয় সরকারও মোট নয়টি রাজ্যের জাঠদের ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার যে নির্দেশ জারি করেছিল, ২০১৫ সালে সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেন।