ইকলাখ-কাণ্ড নিয়ে সমাজবাদী পার্টি (এসপি) জাতিসংঘের দ্বারস্থ হতে চলেছে। উত্তর প্রদেশ সরকারের মন্ত্রী ও সমাজবাদী পার্টির শীর্ষস্থানীয় নেতা আজম খান গতকাল সোমবার লক্ষ্ণৌয়ে বলেছেন, ন্যায়বিচারের আশায় তিনি জাতিসংঘের দ্বারস্থ হবেন। সে জন্য ইতিমধ্যেই তিনি জাতিসংঘের মহাসচিব বান কি মুনের কাছে সময় চেয়েছেন।
দিল্লির লাগোয়া উত্তর প্রদেশের নয়ডায় বিসাদা গ্রামে গত সপ্তাহে একটি বাছুর জবাইয়ের গুজবের বলি হন মোহাম্মদ ইকলাখ। সেই ঘটনায় তাঁর ছোট পুত্র দানিস গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
গো-হত্যার অভিযোগে ইকলাখ-খুনকে কেন্দ্র করে দেশের রাজনীতি সেই থেকে সরগরম। আজম খান এ ঘটনাকে বাবরি মসজিদ ধ্বংসের সঙ্গে তুলনা করে গতকাল বলেন, বিজেপি ও আরএসএস ভারতকে হিন্দুরাষ্ট্রে পরিণত করতে চলেছে। ইকলাখ হত্যা তারই একটা ধাপ। তিনি বলেন, ধর্মনিরপেক্ষ ভারত যদি হিন্দুরাষ্ট্র হয়ে যায়, তা হলে এ দেশে মুসলমানদের ভূমিকা কী হবে? জাতিসংঘে তাঁরা এটাই জানতে চাইবেন।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব ইতিমধ্যেই ইকলাখের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের সব রকমের সুবিধার প্রতিশ্রুতি দিয়েছেন। ৪৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলেছেন। দানিসের চিকিৎসার দায়িত্বও সরকার নিয়েছে। রাজ্য বিজেপি নেতারা এ সিদ্ধান্তে ক্ষিপ্ত।
ইকলাখের পরিবার আপাতত বিসাদা গ্রামে নেই। গোটা এলাকায় পুলিশের নজরদারি। গ্রামবাসীরা চাইছেন না এ ঘটনা নিয়ে রাজনীতি হোক। তাঁরা এ-ও চাইছেন না, ইকলাখের পরিবার গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাক। স্থানীয় হিন্দুরা ইকলাখের পরিবারকে এ নিয়ে অনুরোধও করেছেন।
এই পরিস্থিতিতে ইকলাখের বড় ছেলে মোহাম্মদ সারতাজ এক বেসরকারি টিভির অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছেন, এমনটা ঘটতে পারে কখনো ভাবিনি। গ্রামের অধিকাংশ মানুষই ভালো। সবাই সব সময় মিলেমিশে থেকেছি। দু-চারজন খারাপ লোক হয়তো এই কাজ করেছে। কিন্তু গ্রামবাসীরাই সবাইকে আগলে রাখছে। সরতাজ ভারতীয় বিমানবাহিনীর কর্মী। ঘটনার দিন চেন্নাইয়ে ছিলেন। রাজনীতিবিদদের প্রতি তাঁর আবেদন, দয়া করে এ ঘটনা নিয়ে রাজনীতি করবেন না। এটা রাজনীতি করার সময় নয়।
নিষেধাজ্ঞা দুই মাসের জন্য স্থগিত: এনডিটিভির খবরে বলা হয়, জম্মু ও কাশ্মীরে গরুর মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা গতকাল দুই মাসের জন্য স্থগিত করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। নিষেধাজ্ঞার কারণে রাজ্যজুড়ে বিক্ষোভ শুরু হওয়ার পর সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত এল।