পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের নেতা মাসুদ আজহারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর না হওয়ায় ক্ষুব্ধ ভারত জাতিসংঘের কার্যক্রমের সংস্কার দাবি করল।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে সন্ত্রাসীদের হুমকি’ সংক্রান্ত এক বিতর্কে অংশ নিয়ে বৃহস্পতিবার জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবর উদ্দিন এই দাবি করেন।
আলোচনায় আকবর উদ্দিন নিরাপত্তা পরিষদের ‘ঐকমত্য ও গোপনীয়তার’ তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, সন্ত্রাসবাদী সংগঠন ও তাদের হোতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির ক্ষমতাসম্পন্ন কমিটি জাতিসংঘের সাধারণ সদস্যদের কাছে কখনো তাদের দায়বদ্ধতার প্রমাণ রাখতে পারেনি। কারও বিরুদ্ধে কেন নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না, সেই ব্যাখ্যা দেওয়ারও প্রয়োজনীয়তা এই কমিটি অনুভব করেনি। আকবর উদ্দিনের অভিমত, এই ব্যবস্থার পরিবর্তন হওয়া প্রয়োজন।
নিরাপত্তা পরিষদের যে বিশেষ কমিটির আল-কায়েদা, আইএস বা তালেবানের মতো সন্ত্রাসী সংগঠন ও তাদের হোতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির ক্ষমতা রয়েছে, তারা ভারত প্রস্তাব তোলার পর জইশ-ই-মোহাম্মদের নেতা মাসুদ আজহারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেনি। সম্প্রতি একেবারে শেষ সময়ে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন ভারতের তোলা সেই প্রস্তাবের বিরুদ্ধে তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করে।
আকবর উদ্দিন বলেন, ওই ১৫ সদস্য ছাড়া বাকি কোনো সাধারণ সদস্য দেশকে জানানো হয়নি কারা প্রস্তাবের বিরুদ্ধে কেন ভেটো দিল। কোনো সন্ত্রাসী সংগঠন বা সন্ত্রাসীর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা কখনো সাধারণ সদস্যদের ব্যাখ্যা করা হয় না।
জইশ-ই-মোহাম্মদকে জাতিসংঘ ২০০১ সালে নিষিদ্ধ ঘোষণা করে। তাদের নেতা মাসুদ আজহারকে নিষিদ্ধ করার ভারতীয় প্রস্তাব ২০০৮ সালেও চীন বানচাল করে দেয়।