পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, কাশ্মীর নিয়ে জাতিসংঘের প্রস্তাব যেন বাস্তবায়িত হয়, তা নিশ্চিত করতে বিশ্বের শক্তিধর দেশগুলোর এগিয়ে আসা উচিত। পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে কথিত সন্ত্রাসী ঘাঁটিতে ভারতীয় সেনাদের হামলার প্রেক্ষাপটে গতকাল বুধবার পাকিস্তানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে এসব কথা বলেন নওয়াজ।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক অধিবেশনের উদ্বোধন করেন। ভারতের সেনা অভিযানকে কেন্দ্র করে পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরল ঐক্য দেখা যাচ্ছে।
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কাশ্মীর ইস্যু তুলে বলেন, এ নিয়ে জাতিসংঘ ঘোষণা যেন বাস্তবায়িত হয়, তা নিশ্চিত করতে বিশ্বশক্তিকে এগিয়ে আসা উচিত। নওয়াজ বলেন, ‘ভারতকে আলোচনার টেবিলে নিয়ে আসতে আমরা সব ধরনের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু ভারতের কারণেই আলোচনা হলো না। আমাদের প্রচেষ্টাকে বারবার গলাটিপে ধরা হয়েছে। আমি আবারও যুদ্ধের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করছি।’
উরির সেনাছাউনিতে সন্ত্রাসী হামলার প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ওই হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ভারত কোনো ধরনের তদন্ত না করেই পাকিস্তানকে দায়ী করা শুরু করল। এর থেকে তাদের উদ্দেশ্য স্পষ্ট।
নওয়াজ বলেন, ‘যদি তারা (ভারত) চায় দারিদ্র্য দূরীকরণের সংগ্রামে আমরা পাশে থাকব, তাহলে মনে রাখতে হবে ফসলের খেতে ট্যাংক চালিয়ে তা করা সম্ভব নয়।’