জাতীয় দলের স্বীকৃতি পেল তৃণমূল কংগ্রেস
ভারতের সপ্তম জাতীয় রাজনৈতিক দলের মর্যাদা পেল পশ্চিমবঙ্গভিত্তিক তৃণমূল কংগ্রেস (টিএমসি)। দেশটির নির্বাচন কমিশন (ইসি) সূত্র এ কথা জানিয়েছে।
ইসি সূত্র জানায়, ১৯৬৮ সালের সংশ্লিষ্ট আইনের তিনটি শর্তের একটি পূরণ করায় নির্বাচন কমিশন তৃণমূলকে জাতীয় দলের স্বীকৃতি দিতে সম্মত হয়েছে।
নির্বাচনী পর্ষদের নির্ধারিত শর্ত অনুযায়ী জাতীয় দলের মর্যাদা পেতে হলে কোনো দলকে লোকসভায় অন্তত তিনটি রাজ্য থেকে কমপক্ষে ২ শতাংশ আসন (১১টি) পেতে হবে অথবা চারটি লোকসভা আসন এবং চারটি রাজ্যে অন্তত ৬ শতাংশ ভোট পেতে হবে অথবা চারটি বা তার বেশি রাজ্যে ‘রাজ্য পর্যায়ের দল’ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হতে হবে। তৃণমূল কংগ্রেস এই তিন শর্তের শেষটি পূরণ করতে পেরেছে। এই দলটি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অরুণাচল ও মনিপুর প্রদেশে রাজ্য পর্যায়ের দল হিসেবে স্বীকৃতি পেয়েছে।
ভারতে বর্তমানে কংগ্রেস, বিজেপি, বিএসপি, এনসিপি, সিপিআই ও সিপিএম জাতীয় দল হিসেবে পরিচিত।