জানুয়ারিতে প্রকাশ করা হবে নেতাজির গোপন তথ্য: মোদি
নেতাজি সুভাষ চন্দ্র বসুর বিষয়ে সরকারের কাছে থাকা গোপন দলিল আগামী বছর প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বুধবার ভারতের এই স্বাধীনতাসংগ্রামীর পরিবারের ৩৫ সদস্যের সঙ্গে সাক্ষাতের পর তিনি এ কথা বলেন। খবর এনডিটিভির।
নিজ বাসভবনে ওই সাক্ষাৎ শেষে নরেন্দ্র মোদি বলেন, নেতাজিকে নিয়ে সব গোপন তথ্য পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ইতিমধ্যে কিছু তথ্যের পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে। প্রাথমিকভাবে আগামী ২৩ জানুয়ারি নেতাজির ১১৮তম জন্মবার্ষিকীতে এসব তথ্য প্রকাশ করা হবে।
বিভিন্ন দেশে নেতাজির বিষয়ে গোপন তথ্য সংরক্ষিত আছে—এ কথা উল্লেখ করে তাঁর পরিবার সংশ্লিষ্ট সরকারগুলোকে তা প্রকাশ করার জন্য চিঠি লিখতে মোদিকে অনুরোধ করে। জবাবে মোদি বলেন, তিনি চিঠি লিখবেন।
সাক্ষাতের সময় উপস্থিত না থাকলেও নেতাজির মেয়ে অনিতা বসু পাফ বলেছেন, তথ্য প্রকাশ করা হবে জেনে তিনি খুবই আনন্দিত।
সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাদের কাছে থাকা সুভাষ চন্দ্র বসুর বিষয়ে বেশ কিছুসংখ্যক ফাইল প্রকাশ করে।