জাপান-ভারত পরমাণু প্রতিরক্ষাসহ বিভিন্ন চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল বারানসিতে এভাবেই মুঠোফোনে নিজেদের ছবি (সেলফি) তোলেন। বারানসির গঙ্গার ঘাটে গত সন্ধ্যায় আরতি শোনেন দুই নেতা l ছবি: এএফপি
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল বারানসিতে এভাবেই মুঠোফোনে নিজেদের ছবি (সেলফি) তোলেন। বারানসির গঙ্গার ঘাটে গত সন্ধ্যায় আরতি শোনেন দুই নেতা l ছবি: এএফপি

চীনকে সরিয়ে ভারতে প্রথম বুলেট ট্রেন স্থাপনের প্রকল্প ছিনিয়ে নিল জাপান। ৯৮ হাজার কোটি রুপির এই প্রকল্প বাস্তবায়িত হলে ভারতে প্রথম বুলেট ট্রেন চলবে মুম্বাই থেকে গুজরাটের আহমেদাবাদ পর্যন্ত।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সফরে গতকাল শনিবার এটিসহ কয়েকটি চুক্তি সই হয়েছে। অন্য চুক্তিগুলো হয়েছে অসামরিক ক্ষেত্রে পরমাণু শক্তির সহযোগিতা ও প্রতিরক্ষা সরঞ্জাম এবং প্রযুক্তি হস্তান্তর নিয়ে। চুক্তি সইয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘হাইস্পিড প্রবৃদ্ধির জন্য ভারত ও জাপান একযোগে এগিয়ে যাবে।’
তিন দিনের সফরে শিনজো আবে গত শুক্রবার ভারতে আসেন। গতকাল এই চুক্তিগুলো সম্পাদনের পর প্রধানমন্ত্রী আবে বলেন, জাপানের কাছে শক্তিশালী ভারত যতটা জরুরি, ভারতের কাছেও তেমন জরুরি শক্তিশালী জাপান। একে অন্যের পরিপূরক। নরেন্দ্র মোদির আর্থিক নীতির উচ্ছ্বসিত প্রশংসা করে তিনি বলেন, এই নীতি শিনকানসেন বুলেট ট্রেনের মতোই নিরাপদ ও ভরসাযোগ্য।
প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতে বুলেট ট্রেন চালু করতে আগ্রহী হন নরেন্দ্র মোদি। মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত এই ট্রেন চালু করতে আরেক বড় দাবিদার ছিল চীন। কিন্তু শেষ পর্যন্ত জাপানই জেতে। ৫০৫ কিলোমিটার এই পথ পাড়ি দিতে যেখানে ৮ ঘণ্টা সময় লাগে, ২০১৮ সালে বুলেট ট্রেন চালু হলে তা মাত্র তিন ঘণ্টায় পাড়ি দেওয়া যাবে। ভবিষ্যতে এই লাইন দিল্লি পর্যন্ত বাড়ানো হবে।
মাত্র দেড় বছরের মধ্যেই মোদির সঙ্গে আবের একটা ব্যক্তিগত সখ্য গড়ে উঠেছে। মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ স্বপ্ন সফল করতে আবে সহায়তার যে হাত বাড়িয়ে দিয়েছেন তার উল্লেখ করে মোদি শুক্রবার বলেন, এই ক্ষেত্রে জাপানের চেয়ে বড় বন্ধু আর কেউ নেই। বুলেট ট্রেনের জন্য যে অর্থ খরচ হবে, জাপান তা নামমাত্র সুদে দেবে।
প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার বিস্তারে ঠিক হয়েছে, জাপানও মালাবার নৌ মহড়ায় ভারতের সঙ্গে যোগ দেবে। বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জামের প্রযুক্তি হস্তান্তরে জাপান যেমন চুক্তিবদ্ধ হয়েছে, তেমনই গুরুত্বপূর্ণ সামরিক নথি রক্ষার প্রযুক্তির হস্তান্তরও দেশটি করবে। এর ফলে ভারতে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে জাপান খুব বড় ভূমিকা নেবে। তা ছাড়া ঠিক হয়েছে, ভারতে তৈরি মারুতি-সুজুকি গাড়ি জাপান তাদের দেশে আমদানি করবে। মারুতি-সুজুকি জাপান ও ভারতের যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান।
শীর্ষ বৈঠকের পর গতকাল বিকেলে মোদি ও আবে মন্দির শহর বারানসি যান। বারানসিই মোদির নির্বাচনী আসন। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এই প্রাচীন শহর ও তার মধ্য দিয়ে প্রবাহিত গঙ্গার পরিচ্ছন্নতার ওপর মোদি বিশেষ জোর দিয়েছেন। গঙ্গার ঘাটে প্রতিদিন সন্ধ্যায় আরতির যে আসর বসে, দুই প্রধানমন্ত্রী তা দেখেন। জাপান থেকে প্রতিবছর হাজার হাজার পর্যটক ভারতে আসেন। আগামী বছরের ১ মার্চ থেকে জাপানি পর্যটকদের ‘অন অ্যারাইভাল ভিসা’ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।