জাপান সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢোল পেটানোর ঘটনার সমালোচনা করে ভারতের কংগ্রেস দলের সহসভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘প্রধানমন্ত্রী জাপানে ঢোল পেটান। আর ভারত অন্ধকারে খাবি খায়।’
গতকাল বৃহস্পতিবার উত্তর প্রদেশের আমেথিতে সাংবাদিকদের সামনে এ সমালোচনা করেন রাহুল।
নরেন্দ্র মোদি তাঁর সদ্য সমাপ্ত জাপান সফরের সময় টোকিওতে টাটা গোষ্ঠীর একটি প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে ঐতিহ্যবাহী টাইকো ঢোল বাজান। মোদি তাঁর সফরকে অত্যন্ত সফল আখ্যায়িত করেন। এই সফরে জাপান ভারতকে ৩৫ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয়।
সম্প্রতি ভারতের উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থানসহ বিভিন্ন অঞ্চলে চরম বিদ্যুৎ-সংকট চলছে। উত্তর প্রদেশে রাহুলের নির্বাচনী আসন আমেথিতে স্থানীয় অনেকে বিদ্যুৎ-ঘাটতি নিয়ে প্রচুর অভিযোগ করেন।
আমেথিতে রাহুল বলেন, বিজেপি সরকার যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, তা রক্ষা করতে পারেনি।
নরেন্দ্র মোদিকে নিয়ে রাহুলের এই সমালোচনার পর বিজেপির কয়েকজন নেতা খড়্গহস্ত হয়েছেন তাঁর ওপর। বিজেপির নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু রাহুলকে উদ্দেশ করে বলেন, ‘আমরা ওঁর (রাহুলের) কথা শুনতে যাব কেন, দলের লোকেরাই তো ওঁর কথা শোনে না।’
এদিকে সারদা কেলেঙ্কারির জন্য ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছে ওই রাজ্যের কংগ্রেস।