জামাকাপড় ফিরে পেতে স্ত্রীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়র শোভন চট্টোপাধ্যায়
মেয়র শোভন চট্টোপাধ্যায়

আবারও সংবাদের শিরোনাম হয়ে উঠেছেন কলকাতার মেয়র এবং মেয়র–পত্নী। তাঁদের পারিবারিক লড়াই যেন থামছেই না। এবার জামাকাপড়সহ বিভিন্ন ব্যক্তিগত জিনিস ফিরে পেতে স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন মেয়র।

গত বছরের ১৩ নভেম্বর কলকাতার মেয়র ও পশ্চিমবঙ্গের ফায়ার ও ইঞ্জিনিয়ারিং এবং আবাসনমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় কলকাতার আলীপুরের দায়রা আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেন। এই মামলার আগে শোভন চট্টোপাধ্যায় স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে থানায়ও আরেকটি অভিযোগ দায়ের করেন।

এর মধ্যে গতকাল মঙ্গলবার মেয়র তাঁর নিজস্ব জামাকাপড় ও অফিসের বিভিন্ন কাগজপত্র ফিরে পাওয়ার দাবিতে আরেকটি মামলা করেছেন পর্নশ্রী থানায়। আবেদনে তিনি উল্লেখ করেন, তাঁর বেহালার বাড়িতে প্রয়োজনীয় কাপড়চোপড়সহ বিভিন্ন কাগজপত্র রয়েছে। কিন্তু স্ত্রীর বাধার কারণে তিনি তা আনতে পারছেন না। তাই নিজের বাড়িতে থাকা পোশাক পরিচ্ছদ ও বিভিন্ন দরকারি কাগজপত্র ফেরত পাওয়ার জন্য স্ত্রীর বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন তিনি।

স্ত্রীর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদ মামলা দায়েরের পর বেহালার বাসভবন ছেড়ে গড়িয়াহাট এলাকার একটি বাড়িতে ওঠেন মেয়র। এখন তিনি সেখানেই অবস্থান করছেন।

গতকাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘আমি যে পরিবেশে আছি, যে অবস্থার মধ্যে রয়েছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমার চরম শত্রুরও যেন এ অবস্থা না হয়।’

অন্যদিকে, রত্না চট্টোপাধ্যায়ও বলেছেন, ‘দলের নির্দেশে আমি অনেক দিন ধরে চুপ করে ছিলাম। এবার মুখ খুলব দলের নির্দেশেই।’

মেয়র শোভন চট্টোপাধ্যায় কলকাতার চাঞ্চল্যকর নারদ কেলেঙ্কারি মামলায় জড়িয়ে আছেন। তাঁর বিরুদ্ধে রয়েছে পাঁচ লাখ রুপি ঘুষ নেওয়ার অভিযোগ। গত বছর বিধানসভা নির্বাচনের আগে দিল্লির নারদনিউজডটকম নামের একটি নিউজ পোর্টাল ফাঁস করে ১৩ জন তৃণমূল নেতা, সাংসদ, বিধায়ক, মন্ত্রী, এক পুলিশ কর্মকর্তা এবং কলকাতা মেয়রের গোপনে অর্থ নেওয়ার ছবি। ফাঁস হওয়ার পর মেয়রের স্ত্রী কলকাতার নিউমার্কেট থানায় গত জুনে নারদ নিউজ পোর্টালের কর্ণধার ম্যাথু স্যামুয়েলের বিরুদ্ধে একটি মানহানির মামলা করেন।

এই নারদ কেলেঙ্কারির মামলা চলে যায় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এবং ইডির হাতে। এ মামলায় তদন্তের স্বার্থে মেয়রকে ডাকা হয় সিবিআই এবং ইডি দপ্তরে। ডাক পড়ে মেয়রের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়েরও। কিন্তু গত জুলাই মাস থেকে চিকিৎসার জন্য রত্না চট্টোপাধ্যায় লন্ডনে থাকায় তিনি হাজিরা দিতে পারেননি। চলতি মাসের প্রথম দিকে তিনি ফিরে আসেন কলকাতায়। জানা গেছে, মেয়র শোভন চট্টোপাধ্যায় পারিবারিক হিংসা ও নিষ্ঠুরতার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন স্ত্রীর বিরুদ্ধে।