জামায়াতের সঙ্গে ইমরানের যোগসাজশের তদন্ত দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য আহমেদ হাসান ইমরানের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সম্পাদক রাহুল সিনহা। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে চিঠি মারফত এই আবেদন জানিয়েছেন রাহুল সিনহা।

আজ শনিবার কলকাতায় বিজেপির রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে রাহুল সিনহা এ দাবি জানান।
বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা তৈরিতে ভারতের সারদা গ্রুপ জামায়াতে ইসলামীকে কোটি কোটি টাকা দিয়েছে—এমনটাই দাবি করেছে দৈনিক আনন্দবাজার পত্রিকা। গতকাল শুক্রবার পত্রিকাটিতে এ-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, এর সঙ্গে পশ্চিম বাংলার তৃণমূল সাংসদ আহমেদ হাসান ইমরান জড়িত।
রাহুল সিনহা বলেন, ইমরানের বিরুদ্ধে জামায়াতে ইসলাম কিংবা ভারত বিরোধী বিভিন্ন সংগঠনের সঙ্গে যে যোগসাজশের কথা উঠে আসছে, তা তদন্ত করার জন্য তিনি রাজনাথ সিং-কে চিঠি পাঠিয়েছেন। তিনি এও বলেছেন, ইমরানের সঙ্গে বাংলাদেশের জামায়াত ইসলামের সম্পর্কের কথা আমরা যদি না তুলতাম তাহলে এই তথ্য প্রকাশ্যে আসত না, অনেকেরই কাছে অজানা থাকত। এটি অত্যন্ত গুরুতর অভিযোগ। আমরা চাই ইমরানের বিরুদ্ধে ওঠা সব অভিযোগেরই তদন্ত হোক।

এদিকে আহমেদ হাসান ইমরান তাঁকে নিয়ে কলকাতার আনন্দবাজার পত্রিকার গতকালের প্রতিবেদন ভুল বলে দাবি করেছেন। ইমরান তার সম্পাদিত দৈনিক পত্রিকা কলম-এ এ দাবি করেন। ওই পত্রিকার দাবি, ইমরানের জন্ম বাংলাদেশের শ্রীহট্টে নয় , পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে। মালনদী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা শেষে বানারহাট হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন ৷ এমনকি বাংলাদেশের নয়াদিগন্ত পত্রিকা জামায়াতের মুখপত্র নয় ৷ জামায়াতের কাগজের নাম দৈনিক সংগ্রাম ৷ কলম পত্রিকা পার্কসার্কাসের দরগা রোড নয়, রাজাবাজারের পার্সিবাগান থেকে নিয়মিত বের হয় ৷