
দিল্লির আইনমন্ত্রী জিতেন্দ্র সিং টোমারকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। ভুয়া শিক্ষাগত সনদ দাখিল করে জালিয়াতি ও লোক ঠকানোর অভিযোগে গতকাল মঙ্গলবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর কয়েক ঘণ্টা পর তিনি পদত্যাগ করেন।
সকালে গ্রেপ্তারের পর টোমারকে আদালতে তোলা হয়। আদালত তাঁকে চার দিনের পুলিশি হেফাজতে নেওয়ার অনুমতি দিলে তাঁকে নেওয়া হয় হাউস খাস পুলিশ স্টেশনে। সেখান থেকে তিনি আইনজীবীর মাধ্যমে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে পদত্যাগপত্র পাঠান।
পদত্যাগপত্রে টোমার বলেন, ‘এর আগেও আমি পদত্যাগ করতে চেয়েছিলাম। কিন্তু আপনি সায় দেননি। এবার আমি আপনার কাছে অনুরোধ করছি, অনুগ্রহ করে আমার পদত্যাগপত্র গ্রহণ করুন।’ তিনি আরও বলেন, ‘আমি আমার দলকে বিব্রত করতে চাই না, তাই পদত্যাগ করলাম। আপনি ভালোভাবেই জানেন, কেন এমনটা ঘটছে। কেন্দ্রীয় সরকারই এটা করছে, মোদিই এটা করছেন।’
টোমারের গ্রেপ্তারের ফলে দিল্লি পুলিশ, দিল্লির উপরাজ্যপাল ও কেন্দ্রের সঙ্গে দিল্লি সরকারের যে সংঘাত চলছে, তা এক ভিন্ন মাত্রা পেল। দিল্লির শাসক দল আম আদমি পার্টি (এএপি) দিল্লি পুলিশের এই আচরণকে জরুরি অবস্থার সঙ্গে তুলনা করে বলেছে, সরকারকে হেয় করার এ এক অদ্ভুত চক্রান্ত।
বেশ কিছুদিন ধরেই আইনমন্ত্রী টোমারকে নিয়ে বিতর্ক চলছে। অভিযোগ, তিনি তাঁর শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে যে দুটি সনদ জমা দিয়েছিলেন, দুটিই ভুয়া। দুটি সনদের একটি উত্তর প্রদেশের এক বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাসের, অন্যটি বিহারের ভাগলপুর বিশ্ববিদ্যালয় থেকে আইনের স্নাতক হওয়ার। দিল্লি হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন তদন্ত করে দেখে, দুটি সনদই জাল। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকেও জানানো হয়, ওই সনদ তারা দেয়নি।
কংগ্রেস ও বিজেপি টোমারের ইস্তফা দাবি করলেও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাতে কান দেননি। দিল্লি হাইকোর্টে এ নিয়ে মামলা চলছে। তা নিষ্পত্তির আগেই বার অ্যাসোসিয়েশনের সুপারিশ অনুযায়ী টোমারের বিরুদ্ধে দক্ষিণ দিল্লির এক থানায় সোমবার রাত তিনটায় এফআইআর দাখিল করা হয়। মঙ্গলবার সকালেই তিনি গ্রেপ্তার হন।
রাজ্যের একজন মন্ত্রীকে গ্রেপ্তার করতে হলে সাধারণত মুখ্যমন্ত্রী ও বিধানসভার অধ্যক্ষকে জানাতে হয়। এ ক্ষেত্রে দুটির একটিও করা হয়নি। টোমারের বিরুদ্ধে কোনো সমনও জারি করা হয়নি। এ জন্যই এএপির পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ আনা হয়েছে।