কলকাতা পৌর ভোট বাতিলের দাবি বিজেপির
সংঘর্ষ, ভোট কারচুপি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে কলকাতা পৌরসভার ভোট বাতিলের দাবি জানিয়েছে বিজেপি। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে অভিযোগ করে রাজ্যের প্রধান বিরোধী দল।
পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা ও বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী এ কারচুপির জন্য রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসকে দায়ী করে ভোট বাতিলের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি নতুন করে আবার ভোট গ্রহণের দাবি জানিয়েছেন রাজ্য নির্বাচন দপ্তরে।
শুভেন্দু অধিকারী বলেছেন, ‘এই বাংলায় ন্যূনতম গণতন্ত্র নেই। পৌর ভোটের নামে কলকাতায় প্রহসন হয়েছে।’ তিনি দাবি করেন, নির্বাচনে ভোট হয়েছে মাত্র ২০ শতাংশ, আর বাকি ৮০ শতাংশ হয়েছে জালিয়াতি।
রোববার কলকাতা পৌরসভার ১৪৪টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে বিজেপির নেতা–কর্মী ও প্রার্থীদের ওপর বিভিন্ন জায়গায় হামলার অভিযোগ করেছে দলটি। এ ছাড়া কংগ্রেস ও বাম সমর্থকদেরও ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন দলগুলোর নেতা–কর্মীরা।
নির্বাচনের আগে তৃণমূল থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, এবারের পৌর ভোটে কোনো অনিয়ম প্রশ্রয় দেওয়া হবে না। এ ছাড়া নির্বাচনে কেউ কারচুপি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তাঁকে দল থেকে বহিষ্কারেরও ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু কার্যত নির্বাচনী বৈতরণি পার হওয়ার জন্য ব্যাপক সন্ত্রাসের অভিযোগ উঠল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে।
এদিকে বুথফেরত জরিপে তৃণমূলের বিপুল ভোটে জয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রোববার ভোট গ্রহণ শেষে সমীক্ষা সংস্থা সি-ভোটারের বুথফেরত সমীক্ষায় বলা হয়েছে—তৃণমূল ৫৮ শতাংশ ভোট পেতে পারে। এ ছাড়া বিজেপি ২৮, বাম ফ্রন্ট ৫, কংগ্রেস ৭ এবং অন্যরা ২ শতাংশ ভোট পেতে পারে।
ওয়ার্ডের হিসাবে পৌর করপোরেশনের ১৪৪টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল পেতে পারে ১৩১টি, বিজেপি ১৩টি। অপর দিকে বাম দল, কংগ্রেসসহ অন্যরা কোনো আসন পাচ্ছে না, এমনটাই ইঙ্গিত দিয়েছে বুথফেরত সমীক্ষা।
সর্বশেষ ২০১৫ সালে নির্বাচনে তৃণমূল ১১৪, বিজেপি ৭, বাম ফ্রন্ট ১৫, কংগ্রেস ৫টি আসন এবং অন্যরা ৩টি আসনে জিতেছিল। আগামী মঙ্গলবার পৌর ভোটের ফলাফল ঘোষণা হওয়ার কথা রয়েছে।