জাল্লিকাট্টু নিয়ে তামিলনাড়ু উত্তপ্ত

জাল্লিকাট্টুকে কেন্দ্র করে তামিলনাড়ুর জায়গায় জায়গায় হিংসা ছড়িয়ে পড়েছে। গতকাল সোমবার সকালে চেন্নাইয়ের মেরিনা সৈকত থেকে জাল্লিকাট্টুর সমর্থনে জমায়েত হওয়া লোকজনকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এলাকার বেশ কয়েকটি থানা আক্রান্ত হয়। আগুন লাগানো হয় গাড়িতে। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট। পুলিশও পাল্টা লাঠি চালায়। এ ঘটনায় পুলিশের বহু সদস্য ও সাধারণ মানুষ আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, সাধারণ শান্তিপ্রিয় জনতা এই হাঙ্গামার জন্য দায়ী নয়। হাঙ্গামা ঘটিয়েছে কিছু ‘রাষ্ট্রবিরোধী শক্তি’। তারাই জনতাকে খেপিয়ে তোলে। গুজব ছড়ায়। পুলিশ অবশ্য এই রাষ্ট্রবিরোধী শক্তি কারা, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি। তবে পুলিশের এ বক্তব্য সমর্থন করছেন না বহু বিক্ষোভকারী।
দুই পক্ষের বক্তব্য যাই হোক না, জাল্লিকাট্টুকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক লড়াই শুরু হয়ে গেছে। বিরোধী দল ডিএমকে এ ঘটনার জন্য সম্পূর্ণভাবে দায়ী করেছে শাসক এডিএমকে দলকে। কেন্দ্রীয় সরকারের সক্রিয় সহযোগিতায় জাল্লিকাট্টু নিয়ে অর্ডিন্যান্স জারি করে এই খেলাকে বৈধতা দেওয়া হয়। সে অনুযায়ী জাল্লিকাট্টু গত রোববার শুরুও হয়। ষাঁড় ধরাকে কেন্দ্র করে রাজ্যে তিনজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন। সরকার ভেবেছিল, এরপর মেরিনা বিচে বিক্ষোভরত জনতা চলে যাবে। কিন্তু বিক্ষোভকারীরা দাবি জানাতে থাকেন, সাময়িক অনুমতির বাইরে সরকারকে জাল্লিকাট্টু নিয়ে আইন করতে হবে। সরকার এই দাবি আমলে না নিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় পুলিশকে। সরকারের যুক্তি, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগেই মেরিনা সৈকত খালি করে দেওয়া জরুরি। পুলিশ তা করতে গেলে শুরু হয় দুই পক্ষের লড়াই। মেরিনা বিচের কাছে একটি থানা আক্রান্ত হয়। থানার বাইরে রাখা সারি সারি গাড়িতে আগুন লাগানো হয়। পুলিশও লাঠি চালিয়ে জনতাকে ছত্রভঙ্গ করতে থাকে। নামানো হয় হেলিকপ্টার। সমুদ্র সৈকতের ওপর তারা চক্কর দিতে থাকে। মুহূর্তের মধ্যে পুলিশি অত্যাচারের খবর ছড়িয়ে পড়তেই রাজ্যের অন্যত্র শুরু হয় পুলিশের সঙ্গে জনতার লড়াই। রাজ্যের অন্য জেলাগুলোতেও শুরু হয় বিক্ষোভ।
তামিলনাড়ুতে এই বিক্ষোভে অংশ নেন মূলত ছাত্ররা। তাঁদের শান্ত করতে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে নানাভাবে অনুরোধ জানানো হতে থাকে। জাল্লিকাট্টু অর্ডিন্যান্স গতকাল সোমবারই রাজ্য বিধানসভায় পেশ হওয়ার কথা। বিক্ষোভকারীদের দাবি, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী জাল্লিকাট্টুকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।