জিজ্ঞাসাবাদে হাসিমুখে উত্তর দিলেন শশী

ভারতের কংগ্রেস পার্টির এমপি ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরকে স্ত্রী সুনন্দা পুষ্কর হত্যা মামলায় গতকাল সোমবার জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় তিনি ছিলেন শান্ত। হাসিমুখে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন।
আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ দিল্লির ভাসান্ত বিহার থানায় রাত আটটার দিকে এ জিজ্ঞাসাবাদ শুরু হয়।
উপপুলিশ কমিশনার প্রেমনাথ, অতিরিক্ত উপপুলিশ কমিশনার পিএস কুশওয়া, জ্যেষ্ঠ পরিদর্শক রাজেন্দর সিং ও তদন্তকারী কর্মকর্তা ভিকেপিএস ইয়াদবের সমন্বয়ে চার সদস্যের একটি দল শশীকে জিজ্ঞাসাবাদ করে।
এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, প্রায় চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলে। তিন দফায় শশীকে ৫০টির বেশি প্রশ্ন করা হয়।
জিজ্ঞাসাবাদ কক্ষে কোনো কর্মকর্তার সঙ্গে মুঠোফোন রাখার অনুমতি ছিল না। শশীকে চা ও কফির প্রস্তাব দেওয়া হলেও তিনি কেবল পানি পান করেছেন।
পুলিশ জানায়, শশীকে প্রথমে উদ্বিগ্ন দেখাচ্ছিল। তবে প্রশ্নের উত্তর দেওয়ার সময় তিনি ছিলেন নিরুদ্বিগ্ন। বেশির ভাগ প্রশ্নের উত্তর তিনি হাসিমুখে দিয়েছেন। তিনি ইংরেজিতে কথা বলেছেন। নিজের অবস্থান ব্যাখ্যায় নানা অঙ্গভঙ্গি করেছেন।
গত বছরের ১৭ জানুয়ারি দিল্লির একটি হোটেলে পুষ্করের লাশ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের সময় ওই ঘটনার বিবরণ দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শশী। তাঁকে ইংরেজিতে প্রথম প্রশ্নটি করেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার পিএস কুশওয়া। শান্তভাবে প্রশ্নের উত্তর দেন কংগ্রেসের এই এমপি। জিজ্ঞাসাবাদে তদন্ত কর্মকর্তাদের সঙ্গে সরাসরি দৃষ্টিবিনিময় করেছেন তিনি।
পুষ্করের মৃত্যু স্বাভাবিক নয় জানিয়েছিলেন দিল্লির পুলিশ কমিশনার বি এস বাসসি। তীব্র বিষক্রিয়াই তাঁর মৃত্যুর কারণ বলে চিকিৎসকদের অনুমান। সেই বিষ জোর করে তাঁকে খাওয়ানো হয়েছিল, নাকি ইনজেকশন হিসেবে দেওয়া হয়েছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজছে দিল্লির পুলিশ।