জীবনের তিন বছর কাটে শৌচাগারে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন মানুষ গড়ে জীবনের তিন বছর সময় ব্যয় করেন শৌচাগারে। বছরে গড়ে আড়াই হাজার বার যাওয়া হয় সেখানে। আর প্রতিবছর বিশ্বের প্রায় ৭০ লাখ মানুষ তার মোবাইল ফোনটি হারায় বা নষ্ট করে। বর্তমানে সময়ে মানুষ তার ড্রয়িং রুমের চেয়ে শৌচাগারের সাজসজ্জায় বেশি অর্থ ব্যয় করছে। শুধু তা-ই নয়, প্রায় ৭০ শতাংশ দম্পতির মধ্যে ঝগড়া বা বিতর্ক হয় এই শৌচাগার নিয়েই।

সম্প্রতি ভারতের হায়দরাবাদে এক সেমিনারে শৌচাগার নিয়ে এমন সব মজার তথ্য উঠে এসেছে বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়েছে। ভারতের প্লাম্বিং অ্যাসোসিয়েশন ‘চেঞ্জিং ফেইস অব বাথরুম’ শিরোনামের ওই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে কল্পনা রমেশ নামের অন্দরসজ্জাবিষয়ক একজন স্থপতি বলেন, ‘আগে শৌচাগারকে অবহেলিত স্থান হিসেবে গণ্য করা হতো। কিন্তু বর্তমানে যাঁরা ফ্ল্যাট কিনতে আসেন, তাঁরা আগে শৌচাগারের ব্যাপারে খোঁজখবর নেন। ক্রেতারা নিশ্চিত হতে চান, যেন শৌচাগারের প্রতিটি জিনিস নামীদামি কোম্পানির হয়। আকার-আয়তনেও যেন সুবিধাজনক হয়। অনেক গ্রাহক বিলাসী, উপযুক্ত ও সুন্দর নকশার বিষয়টি বিবেচনা করে থাকেন।’