
রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আবেদন ছিল সংসদীয় অধিবেশন ভেস্তে না দেওয়ার। অথচ গতকাল বুধবার ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার দ্বিতীয় দিনের অধিবেশন ভেস্তেই গেল। উপলক্ষ, দলিত ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যা। লোকসভার অধিবেশন অবশ্য পণ্ড হয়নি। সেখানে দিনভর চলে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) নিয়ে বিজেপি ও বিরোধীদের মধ্যে উত্তপ্ত বিতর্ক।
রাজ্যসভার অধিবেশন সারা দিনে চারবার মুলতবি হয় প্রধানত দুই নেত্রীর তীব্র বাদানুবাদের কারণে। রোহিতের মৃত্যু নিয়ে আলোচনার দাবি বিজেপি নেতৃত্ব মেনে নিলেও দলিত নেত্রী মায়াবতীর সঙ্গে প্রবল কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানি। মায়াবতীর দাবি, রোহিতের মৃত্যু তদন্তে গঠিত কমিটিতে একজন দলিতকে রাখতে হবে। এই নিয়ে শুরু হয় বাদানুবাদ। মায়াবতী বলতে থাকেন, বিজেপি সরকার সারা দেশে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) আদর্শ চাপিয়ে দিতে চাইছে। রোহিতের মৃত্যুর জন্য মায়াবতী সরাসরি দায়ী করেন স্মৃতি ইরানিকে। বলেন, এই সরকার মুখে দলিতদের কথা বলে অথচ কাজে দলিতবিরোধী। উত্তেজিত স্মৃতি ইরানি প্রশ্ন করেন, জাতপাতের এই বিভাজনের রাজনীতি মায়াবতীরা আর কত দিন করবেন। মায়াবতীকে সমর্থন করেন কংগ্রেস ও বামপন্থীরা। বিরোধীরা দাবি জানাতে থাকেন, স্মৃতি ইরানিকে পদত্যাগ করতে হবে। ঠিক হয়, আজ বৃহস্পতিবার মায়াবতীর দাবির বিষয়ে সরকারের অভিমত জানার পর এ নিয়ে বিতর্ক হবে।
রাজ্যসভা ভেস্তে গেলেও জেএনইউ প্রসঙ্গ লোকসভায় উত্থাপিত হয় এবং সেখানেও দেখা যায় বিজেপি ও বিরোধীদের বাগ্যুদ্ধ। কংগ্রেসের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, ‘গোটা দেশেই শাসক দল অসহিষ্ণুতার আগুন জ্বালিয়ে দিয়েছে।’
কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী সরকারের তীব্র নিন্দা করে সংসদ ভবন চত্বরে বলেন, ‘এরা আমাকে কিছুতেই কথা বলতে দেবে না। আমি বলতে শুরু করলেই ওরা বাধা দেবে। কারণ, ওরা আমায় ভয় পায়।’
রাহুলের বেঁধে দেওয়া সুর ধরেই বিতর্ক শুরু করেন জ্যোতিরাদিত্য। জেএনইউর বিক্ষোভের পেছনে বিচ্ছিন্নতাবাদী পাকিস্তানি হাফিজ সাইদের মদদ থাকার অভিযোগের উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য থেকে বোঝা যায়, ছাত্রদের প্রতি সরকার কতটা নির্দয়। বিজেপির বিভিন্ন নেতা জেএনইউকে সন্ত্রাসীদের ঘাঁটি বলে অভিহিত করেছেন। কেউ কেউ বলেছেন, ওই প্রতিষ্ঠান দেশদ্রোহীদের আখড়া।
বিহার নির্বাচনে বিপর্যয়ের পর হারানো সমর্থন ফিরে পেতে বিজেপি জেএনইউর ছাত্র বিক্ষোভকে প্রবলভাবে আঁকড়ে গোটা বিষয়টিকে দেশপ্রেম বনাম দেশদ্রোহের লড়াইয়ে নামিয়ে এনেছে। লোকসভায় বিতর্কে বিজেপির সদস্য অনুরাগ ঠাকুরের ভাষণ তারই প্রমাণ। তিনি বলেন, ‘আমি জাতীয়তাবাদী। কোথাও দেশবিরোধী কিছু করতে দেওয়া হবে না।’ কংগ্রেসের উদ্দেশে তাঁর হুংকার, ‘আপনাদের স্পষ্ট করে বলতে হবে আপনারা কার সঙ্গে। আফজাল গুরু না গণতন্ত্র ও সংসদের দিকে।’
এদিকে বিজেপির সভাপতি অমিত শাহ রাজস্থানের দলীয় বিধায়ক জ্ঞানদেব আহুজাকে ডেকে সতর্ক করে দিয়েছেন। আহুজা সম্প্রতি কথিত পরিসংখ্যান দিয়ে বিতর্কিত এক মন্তব্যে বলেন, জেএনইউ নেশাখোর ও যৌন যথেচ্ছাচারীদের আখড়া হয়ে দাঁড়িয়েছে।
আজ লোকসভায় পেশ হবে রেল বাজেট। আর রাজ্যসভা আলোচনা করবে ছাত্ররাজনীতি প্রসঙ্গে।