জেএনইউ নিয়ে সরগরম ভারতের পার্লামেন্ট
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্র বিক্ষোভ নিয়ে সরগরম ভারতীয় সংসদে বিরোধী আক্রমণের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি। গতকাল বৃহস্পতিবার তাঁর ইস্তফার দাবি উঠেছিল, আজ শুক্রবার উঠল ক্ষমা চাওয়ার দাবি। কিন্তু বিন্দুমাত্র না দমে ইরানি রাজ্যসভায় জানান, ক্ষমা তিনি চাইবেন না, কারণ, কোনো অন্যায় বা অপরাধ তিনি করেননি।
জেএনইউর ছাত্র বিক্ষোভ, তিন ছাত্র গ্রেপ্তার, তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা এবং দলিত ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যা নিয়ে পার্লামেন্টের উভয় কক্ষেই বাদানুবাদ অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার ইরানি বলেছিলেন, জেএনইউয়ের কিছু ছাত্র যা করছেন তা সুস্থতার পরিচয় নয়। পার্লামেন্ট ভবনে হামলার অভিযোগে সাজা পাওয়া আফজল গুরুকে নিয়ে মাতামাতি রাষ্ট্রদ্রোহেরই শামিল। ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রচারিত একটি পুস্তিকায় কী লেখা হয়েছিল তা তিনি আজ রাজ্যসভায় পড়ে শোনান। সেখানে হিন্দু দেবী দুর্গা সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে ‘মহিষাসুর শহীদ দিবস’ পালনের কথা বলা হয়েছে।
গোলমাল বাঁধে এ নিয়েই। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বাম ও অন্য দলের সদস্যরা প্রতিবাদ জানিয়ে ইরানির ক্ষমা চাওয়ার দাবি জানান। ক্ষুব্ধ ইরানি বলেন, বিরোধীরা প্রমাণের দাবি জানিয়েছিলেন, তিনি প্রমাণ দাখিল করলেন। তিনি বলেন, ‘আমি নিত্য দেবী দুর্গার আরাধনা করি। যা পড়েছি তা জেএনইউ ছাত্রদের লেখা ও বিলি করা পুস্তিকা। দুঃখের সঙ্গে বলছি, মত প্রকাশের যে স্বাধীনতাকে বিরোধীরা গুরুত্ব দিচ্ছেন এটা সেই মত।’
বিরোধীরা ইরানির বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে উসকানি দেওয়ার অভিযোগ আনেন। অভিযোগকে গুরুত্ব না দিয়ে ইরানি বলেন, এগুলো সরকারের কথা নয়, সরকারের হাতে আসা প্রমাণ। সংসদীয় প্রতিমন্ত্রী মুক্তার আব্বাস নাকভি বিরোধীদের উদ্দেশে বলেন, তাঁরা প্রতিটি অধিবেশনে কোনো না কোনো বিষয়ে আলোচনার দাবি জানাবেন এবং গোলমাল পাকাবেন। এটা একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কোনো বিল পাস হতে দেবেন না।