জেএনইউর ঘটনায় দুই শিক্ষার্থীর আত্মসমর্পণ
দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) ৯ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে কথিত ভারতবিরোধী স্লোগান দেওয়ার ঘটনায় দুই ছাত্র আত্মসমর্পণ করেছেন। গত মঙ্গলবার মধ্যরাতে ক্যাম্পাস থেকে বের হয়ে দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তাঁরা। পরে এ দুজনকে গ্রেপ্তার দেখানো হয়। খবর এনডিটিভির।
>*ছাত্র সংসদ বলেছ, বিচার বিভাগের প্রতি আস্থা রেখে এই আত্মসমর্পণ
*ছয়জন ছাত্রের বিরুদ্ধে পুলিশের করা রাষ্ট্রদ্রোহের মামলায় তিনজন গ্রেপ্তার হলেন
জেএনইউর ঘটনায় ছয়জন ছাত্রের বিরুদ্ধে পুলিশের করা রাষ্ট্রদ্রোহের মামলায় এ নিয়ে তিনজন গ্রেপ্তার হলেন। এ ছাড়া ১৫ ফেব্রুয়ারি পাতিয়ালা হাউস আদালত চত্বরে ছাত্রনেতা কানহাইয়া ও সাংবাদিকদের ওপর হামলায় জড়িত আইনজীবীদের অন্যতম যশপাল সিংকে গতকাল বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে আত্মসমর্পণকারী দুই ছাত্র হলেন জেএনইউর উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্য। দৃশ্যত গণমাধ্যমকে এড়াতে এ সময় তাঁদের টানা দুই ঘণ্টা ধরে পথে পথে ঘোরায় পুলিশ। হামলার আশঙ্কার কথা বলে গোপন স্থানে আত্মসমর্পণের জন্য দুই ছাত্রের আবেদন ওই দিনই নাকচ করে দিয়েছিলেন দিল্লি হাইকোর্ট।
মঙ্গলবার মধ্যরাতের দিকে খালিদ ও অনির্বাণ জেএনইউর নিরাপত্তা তত্ত্বাবধায়কের গাড়িতে করে ক্যাম্পাস থেকে ফটকের বাইরে আসেন। ক্যাম্পাস ছাড়ার মুহূর্তে বেশ কয়েকজন শিক্ষার্থী তাঁদের ঘিরে মানববন্ধন রচনা করেন। পরে খালিদ ও অনির্বাণ পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। এরপর তাঁদের ১০ কিলোমিটার ঘুরিয়ে রাত দুইটার পর হাজির করা হয় থানায়। যদিও ওই থানা ক্যাম্পাস থেকে এক কিলোমিটারের কম দূরত্বে। আজ বৃহস্পতিবার দুই ছাত্রকে আদালতে তোলার কথা রয়েছে।
কয়েকটি সূত্র জানায়, গ্রেপ্তার দেখানোর আগে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় খালিদ ও অনির্বাণকে। জেএনইউ ছাত্র সংসদের সহসভাপতি শেহলা রশিদ বলেন, বিচার বিভাগের প্রতি আস্থা রেখে তাঁরা আত্মসমর্পণ করেছেন।
রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলাটিতে এ মাসের শুরুর দিকে গ্রেপ্তার করা হয় জেএনইউ ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারকে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। গতকাল তাঁর জামিন আবেদনের ওপর দিল্লি হাইকোর্টে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা মুলতবি করা হয়েছে। ২৯ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য হয়েছে।
জেএনইউতে ৯ ফেব্রুয়ারির ছাত্র বিক্ষোভ কর্মসূচিতে ‘ভারতবিরোধী’ স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে দিল্লি পুলিশের প্রধানকে মঙ্গলবার জমা দেওয়া পুলিশ প্রতিবেদনে বলা হয়, ভারতবিরোধী স্লোগান উচ্চারিত হলেও সেখানে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়া হয়নি। ভারতের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল জি নিউজের ভিডিও ফুটেজের বরাত দিয়ে পুলিশ প্রতিবেদনে বলা হয়, অন্যান্য স্লোগানের মধ্যে ওই বিক্ষোভে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান শোনা যায়। সত্যিই পাকিস্তান জিন্দাবাদ স্লোগান শোনা যায় কি না, তা নিয়ে সাংবাদিকেরাও দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন।