ভারতের জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে (জেএনইউ) ‘ভারতবিরোধী’ স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে তৈরি উত্তাপ অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার জেএনইউয়ের ছাত্রনেতা কানহাইয়া কুমারের পক্ষে-বিপক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানী নয়াদিল্লিসহ দেশের বিভিন্ন প্রান্তে মিছিল-সমাবেশ হয়েছে।
দিল্লির কঠোর নিরাপত্তার তিহার কারাগারে আটক থাকা কানহাইয়া কুমারের জামিনের আবেদন আজ শুক্রবার শুনতে রাজি হয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। তাঁর ওপর গত সোম ও বুধবার আদালত প্রাঙ্গণে হামলার নিন্দা জানিয়েছে সুপ্রিম কোর্টের বার কাউন্সিল। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের।
জেএনইউয়ের শিক্ষার্থীরা গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুরোধ উপেক্ষা করে কানহাইয়ার পক্ষে মিছিল করেছেন। এ ছাত্রনেতার পক্ষে-বিপক্ষে রাজধানী নয়াদিল্লি থেকে পশ্চিমবঙ্গের কলকাতা, বেঙ্গালুরু থেকে চেন্নাইয়ে চলে মিছিল-সমাবেশ। পরিস্থিতি নিয়ে গতকাল কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী দেখা করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে।
৯ ফেব্রুয়ারি জেএনইউয়ে আয়োজিত মানবাধিকারবিষয়ক এক অনুষ্ঠানে ‘ভারতবিরোধী’ স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনায় অনুষ্ঠানের আয়োজক ছাত্রনেতা কানহাইয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করে পুলিশ। ১২ ফেব্রুয়ারি কানহাইয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ভারতজুড়ে উত্তাপ ছড়িয়ে পড়ে। গত সোমবার ও বুধবার দুই দফা কানহাইয়ার ওপর আদালতে হামলা হয়। হামলাকারীদের মধ্যে সরকার-সমর্থক হিসেবে পরিচিত আইনজীবীও আছেন। সুপ্রিম কোর্ট গতকাল সতর্ক করে দিয়ে বলেন, তারা পুরো ঘটনা পর্যবেক্ষণ করছেন। কোনো ব্যক্তি কোনো বিবৃতি দিতে গেলে তাঁকে সতর্ক হতে হবে।
কানহাইয়ার ওপর হামলার ঘটনার পর সুপ্রিম কোর্টের পাঁচ জ্যেষ্ঠ আইনজীবীকে দায়িত্ব দেওয়া হয় এর তদন্ত করার। গতকালই সুপ্রিম কোর্টের বিচারপতি জে চেলামেশ্বর ও অভয় মনোহর স্পারি জানান, আজ সকাল সাড়ে ১০টায় তাঁরা কানহাইয়ার জামিনের আবেদন শুনবেন।
এদিকে ছাত্রনেতা কানহাইয়াকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন (এআইএসএফ) দিল্লির জেএনইউ থেকে মিছিল বের করে। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম জগদীশ কুমার ‘ক্যাম্পাসের বাইরে নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ’ করে মিছিল না করতে অনুরোধ করেন। তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করে মিছিল বের হয়। এ ছাড়া গতকাল কানহাইয়ার পক্ষে ‘সংহতি (সলিডারিটি)’ সমাবেশের পাশাপাশি ভারতজুড়ে কানহাইয়ার বিপক্ষে ‘আত্মমর্যাদা’ (সেল্ফ রেসপেক্ট) সমাবেশ হয়। আত্মমর্যাদা সমাবেশের আয়োজন করে বিজেপি এবং এর অনুসারী ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। গতকাল পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির একটি মিছিল ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে। পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ফটকে পৌঁছায়।
এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে আলোচনার পর গতকাল রাহুল গান্ধী বলেন, সরকার তার বিরোধী যেকোনো শক্তিকে নির্মূল করতে চায়। কিন্তু সরকারের দায়িত্ব শিক্ষার্থীদের রক্ষা করা, নির্মূল করা নয়।