জেএমবির সাদিক ভারতের রামগড়ে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের খাগড়াগড় বিস্ফোরণে অভিযুক্ত বাংলাদেশের জেএমবি সদস্য সাদিককে গতকাল মঙ্গলবার ভারতের রামগড় এলাকা থেকে গ্রেপ্তার করার দাবি করেছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডের রাজধানী রাঁচি শহর থেকে ৪৫ কিলোমিটার দূরে রামগড়।

ঝাড়খন্ড পুলিশের এডিজি এস এন প্রধান স্থানীয় সাংবাদিকদের বলেছেন, ‘খাগড়াগড় বিস্ফোরণে তদন্তে নিয়োজিত এনআইএ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের জঙ্গি দমন শাখার (এটিএস) সহযোগিতায় রামগড় থেকে সাদিককে গ্রেপ্তার করেছে। এনআইএ সাদিককে ধরিয়ে দিতে ৫ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল। জঙ্গি হিসেবে পরিচিত সাদিক বিভিন্ন নামে আত্মগোপন করেছিল। তরিকুল ইসলাম, সুমন, রেহান শেখ প্রভৃতি নামে বিভিন্ন স্থান বদল করে ভারতে অবস্থান করছিল সাদিক।’

গত বছরের ২ অক্টোবর বর্ধমান শহরের খাগড়াগড়ের একটি দোতলা বাড়িতে বিস্ফোরণ ঘটে। তাতে দুই জঙ্গি নিহত এবং একজন আহত হন।

ভারতের পুলিশ সূত্রের উদ্ধৃতি দিয়ে স্থানীয় কয়েকটি সংবাদপত্র লিখেছে, সাদিকের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় শিবগঞ্জ থানায়। সাদিক বাংলাদেশের জেএমবির সক্রিয় সদস্য। খাগড়াগড় বিস্ফোরণের আগেই সাদিক ঝাড়খণ্ডে চলে আসেন এবং জঙ্গি কার্যক্রম শুরু করেন। গত ২৩ জুলাই আদালতে পেশ করা খাগড়াগড়ের অতিরিক্ত অভিযোগপত্রে সাদিকের নাম রয়েছে।

এনআইএ বলেছে, খাগড়াগড় কাণ্ডের বছর পাঁচেক আগে সাদিক ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার সাতগাছি গ্রামে এসে আস্তানা গাড়ে। মুর্শিদাবাদ এবং মালদহে জেএমবির কার্যক্রম ছড়িয়ে দেওয়ার কাজে অংশ নেন তিনি। ৩৫ বছর বয়সী এই সাদিক বিয়েও করেছেন সাতগাছি গ্রামে।

সাদিককে নিয়ে বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণে অভিযুক্তদের মধ্যে গ্রেপ্তারকৃতদের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।