জেটলিকে বরখাস্তের দাবি আম আদমি পার্টির

সিবিআই হানায় ক্ষিপ্ত আম আদমি পার্টি (এএপি) এবার সরাসরি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির বিরুদ্ধে তহবিল তছরুপের অভিযোগ আনল। এ অভিযোগের ভিত্তিতে এএপি নেতৃত্ব তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার এএপির সংবাদ সম্মেলনে বলা হয়, দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) সভাপতি থাকাকালে নতুন স্টেডিয়াম তৈরি করার সময় অরুণ জেটলি অর্থ নয়ছয় করেছিলেন। তাদের দাবি, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আক্রমণের সময় বিজেপি যৌথ দায়িত্বের যুক্তি দেখিয়েছিল। সেই যুক্তিতেই এবার প্রধানমন্ত্রীর উচিত অরুণ জেটলিকে বরখাস্ত করা। কোনো নিরপেক্ষ সংস্থাকে দিয়ে ডিডিসিএর অর্থ নয়ছয়ের তদন্তের দাবিও তাঁরা জানিয়েছেন।
এএপি নেতা কুমার বিশ্বাস, রাঘব চাড্ডা, আশুতোষ সংবাদ সম্মেলনে বলেন, মুখ্যমন্ত্রীর সচিবালয়ে সিবিআইয়ের তল্লাশির প্রধান উদ্দেশ্য ছিল ডিডিসিএর দুর্নীতি-সংক্রান্ত ফাইল খুঁটিয়ে দেখা। কারণ, রাজ্য সরকার ওই দুর্নীতির তদন্তে একটা কমিশন গঠনের কথা ভেবেছে।
তাঁদের অভিযোগ, ডিডিসিএ ২৪ কোটি রুপিতে নতুন স্টেডিয়াম তৈরির উদ্যোগ নেয়। অথচ খরচ হয় ১১৪ কোটি। রাষ্ট্রায়ত্ত সংস্থা ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস ইন্ডিয়া লিমিটেডকে (ইপিআইএল) এই স্টেডিয়াম তৈরি করে দেয়। তাদের ৫৭ কোটি রুপি দেওয়া হয়। বাকি টাকা কোথায় গেল সেই প্রশ্ন এএপি নেতারা তোলেন। যে সময় এই কাজ হয়, অরুণ জেটলি তখন ডিডিসিএর প্রেসিডেন্ট।
জেটলি এই অভিযোগ খণ্ডন করে বলেছেন, অরবিন্দ কেজরিওয়াল অসত্য কথা ও মানহানিতে বিশ্বাসী। তবে বাক্স্বাধীনতার অর্থ অসত্য ভাষণ হতে পারে না। নিজের ব্লগে জেটলি লিখেছেন, মুখ্যমন্ত্রী তাঁর দপ্তরের আমলার দুর্নীতি থেকে চোখ সরাতে ডিডিসিএর দুর্নীতিকে আক্রমণ করছেন।
সাবেক টেস্ট ক্রিকেটার ও বিজেপির একসময়ের সাংসদ চেতন চৌহান অর্থমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন। ডিডিসিএর ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে তিনি বলেছেন, জেটলি সভাপতি হলেও দৈনন্দিন কাজের তদারকি করতেন না। স্টেডিয়াম তৈরিতে কোনো দুর্নীতি হয়নি। জেটলিও জড়িত নন।