জেল খেটেও আবার ধর্ষণ ওই ট্যাক্সিচালকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দিল্লিতে আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠানের এক নির্বাহীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া ট্যাক্সিচালক শিব কুমার যাদব (৩২) আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছিলেন। ২০১১ সালে ধর্ষণের দায়ে তিনি কারাভোগ করেছেন। তবে ট্যাক্সিসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইউবেরের হয়ে কাজ করার সময় এ তথ্য বেমালুম চেপে যান তিনি।

টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি অনলাইনের খবরে আজ সোমবার জানানো হয়, শিব কুমার যাদব ধর্ষণের মামলায় তিহার কারাগারে সাত মাস জেল খেটেছেন। চালকের সম্পর্কে তথ্য সংগ্রহ না করেই কীভাবে এমন একটি ট্যাক্সিসেবা প্রতিষ্ঠান তাঁকে নিয়োগ দিল, তা তদন্ত করে দেখছে পুলিশ।

দিল্লিতে গত শুক্রবার রাতে ট্যাক্সিক্যাবে করে বাড়ি ফেরার পথে চালকের ধর্ষণের শিকার হন ২৭ বছর বয়সী ওই চাকরিজীবী নারী। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গতকাল রোববার চালক শিব কুমার যাদবকে আটক করে পুলিশ। আজ তাঁকে দিল্লির আদালতে হাজির করা হবে।

গত শুক্রবার রাতে দক্ষিণ দিল্লির বসন্ত বিহারে এক অনুষ্ঠানে অংশ নিয়ে ট্যাক্সিতে করে উত্তর দিল্লির ইন্দ্রলোকে নিজেদের বাড়ি ফিরছিলেন ওই নারী। ওই ট্যাক্সিটি তিনি মোবাইল অ্যাপ ব্যবহার করে বুকিং দিয়েছিলেন। বুকিং করা গাড়িটি তাঁকে নিয়ে বাড়ি যাওয়ার পথে রাত ১১টা থেকে পৌনে একটার মধ্যে কোনো একসময় ধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘটনার সময় অন্ধকারের কারণে কোন স্থানে ঘটনাটি ঘটেছে, ওই নারী তা শনাক্ত করতে পারেননি।

গত শনিবার এ ব্যাপারে ওই নারী পুলিশের কাছে প্রাথমিক অভিযোগ জমা দেন। এর পরপরই দোষী চালককে খুঁজে বের করতে পুলিশের বিশেষ শাখা, অপরাধ তদন্ত শাখাসহ ১২টিরও বেশি দল মাঠে নেমে শিব কুমার যাদবকে মথুরা থেকে গ্রেপ্তার করে।

পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে ওই নারী বলেন, তিনি তাঁর স্মার্ট ফোনের মাধ্যমে ট্যাক্সিক্যাবটি বুক করেছিলেন। যাওয়ার পথে তিনি খানিকটা ঘুমিয়ে পড়েছিলেন। একপর্যায়ে তিনি এই নির্মমতার শিকার হন। ওই নারীকে রাস্তায় ফেলে চালক ট্যাক্সিক্যাব নিয়ে চলে যান। পরে তিনি ১০০ নম্বরে ফোন করলে পুলিশ ভ্যান গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ওই নারী তাঁর বাবা-মায়ের একমাত্র সন্তান। দীর্ঘ দিন বিদেশে চাকরি শেষে তাঁর বাবা সম্প্রতি ভারতে ফিরেছেন। ওই নারী বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে এমকম সম্পন্ন করে কর ও সেবা-সংক্রান্ত আন্তর্জাতিক এক পরামর্শক প্রতিষ্ঠানে কাজ করছিলেন।