জেলে যাওয়ার প্রস্তুতি নাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরবিন্দ কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়াল

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অভিযোগ করেছে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একের পর এক অসাংবিধানিক পদক্ষেপ নিয়ে চলেছেন। মানহানির মামলায় তাঁকে জেলে ঢোকানোরও হুমকি দিয়েছে দেশটির কেন্দ্রের ক্ষমতাসীন দলটি। খবর পিটিআই ও এনডিটিভির।
দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্তে রাজ্য সরকার গঠিত কমিশনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে কেজরিওয়াল ঘোষণা দেওয়ার পর বিজেপির পক্ষ থেকে এ প্রতিক্রিয়া এল।
বিজেপির জাতীয় সম্পাদক শ্রীকান্ত শর্মা গত শুক্রবার বলেন, ‘কেজরিওয়াল ও তাঁর সহযোগীদের জেলে যাওয়ার প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তাঁর সরকার কিছু ব্যর্থতা ও দুর্নীতি ঢাকতে বেশ কিছু অসাংবিধানিক পদক্ষেপ নিয়েছে।’
ডিডিসিএ সভাপতি থাকার সময় বিজেপি নেতা ও বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি অনিয়ম করেছেন বলে সম্প্রতি অভিযোগ ওঠে। তা তদন্তে কমিশন গঠন করে আম আদমি পার্টির (এএপি) রাজ্য সরকার। তবে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কমিশনকে অবৈধ ঘোষণা করেছে।