জেলেই যেতে হলো শশীকলাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালতে আত্মসমর্পণের আগে জয়ললিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শশীকলা নটরাজন l এএফপি
আদালতে আত্মসমর্পণের আগে জয়ললিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শশীকলা নটরাজন l এএফপি

শেষ পর্যন্ত জেলে যেতেই হলো শশীকলাকে। সুপ্রিম কোর্ট বিন্দুমাত্র বাড়তি সময় না দেওয়ায় গতকাল তিনি চেন্নাই ছেড়ে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু গিয়ে আদালতের কাছে আত্মসমর্পণ করেন। তাঁরই সঙ্গে আত্মসমর্পণ করেন তাঁর আত্মীয় সুধাকরণ ও ইলাবরসি। তিনজনেরই ডাক্তারি পরীক্ষা করা হয়। সেখান থেকে তাঁদের জেলে পাঠানো হয়।
শশীকলা রাজ্য ছেড়ে জেলযাত্রায় গেলেন, তবে একবারে ভারমুক্ত হয়ে নয়। কারণ, তাঁর ও তাঁরই ঠিক করে দেওয়া পরিষদীয় দলের নেতা পালানিসামির বিরুদ্ধে দলীয় বিধায়কদের অপহরণ ও জবরদস্তি আটকে রাখার অভিযোগ এনে স্থানীয় পুলিশ মামলা করেছে।
অস্থায়ী মুখ্যমন্ত্রী পনরিসেলভাম বিদ্রোহ করার পর শশীকলার নির্দেশে দলের অধিকাংশ বিধায়ককে চেন্নাইয়ের অদূরে এক বিলাসবহুল রিসোর্টে নিয়ে যাওয়া হয়। অভিযোগ ছিল, বিধায়কদের জবরদস্তি সেখানে আটক রাখা হয়েছে। ওই রিসোর্ট থেকে পালিয়ে আসেন মাদুরাই দক্ষিণের বিধায়ক এস এস সর্বানন। তাঁর অভিযোগের ভিত্তিতেই স্থানীয় পুলিশ শশীকলা ও পালানিসামির বিরুদ্ধে মামলা দায়ের করে।

গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায়ে শশীকলাকে অবিলম্বে বেঙ্গালুরু পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। গতকাল বুধবার শশীকলার পক্ষে সুপ্রিম কোর্টের কাছে কিছুটা সময় ভিক্ষার আবেদন জানানো হয়। বলা হয়, শশীকলার বয়স হয়েছে। তার ওপর তিনি নারী। এই বিবেচনায় তাঁকে আত্মসমর্পণে কিছুটা সময় মঞ্জুর করা হোক। বিচারপতিরা অবশ্য বিন্দুমাত্র কর্ণপাত করেননি। শশীকলার আইনজীবীকে তাঁরা জানান, অবিলম্বের অর্থ বিলম্ব না করা। এরপরই শশীকলা চেন্নাই থেকে গাড়িতে পড়শি রাজ্য কর্ণাটকের বেঙ্গালুরু রওনা হন।

রাজ্য ছাড়ার আগে শশীকলা অবশ্য দল হাতে রাখতে আরও এক সিদ্ধান্ত নেন। ছয় বছর আগে তাঁর যে দুই ভাইপোকে এআইএডিএমকের সর্বময় কর্ত্রী জয়ললিতা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে দল থেকে বের করে দিয়েছিলেন, শশীকলা গতকাল সেই টিটিভি দিনাকরণ ও এস ভেঙ্কটেশকে দলে ফেরত নেন। শুধু তা-ই নয়, দিনাকরণকে তিনি দলের উপসম্পাদকের পদও দিয়েছেন। শশীকলা নিজে দলের সাধারণ সম্পাদক। দিনাকরণ হলেন দলের দ্বিতীয় সর্বময় কর্তা। গতকালের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে এটা আরও স্পষ্ট হয়ে গেল, জেলে যেতে হলেও তিনি যাতে দলের ওপর পূর্ণ কর্তৃত্ব কায়েম রাখতে পারেন, সে জন্য শশীকলা চেষ্টার অন্ত রাখছেন না।

তামিলনাড়ুর রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেবেন, তা এখনো অনিশ্চিত। মঙ্গলবারই পালানিসামি তাঁর কয়েকজন অনুগামীকে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান। দাবির সমর্থনে তিনি ১১৮ জন বিধায়কের সই করা চিঠিও জমা দিয়েছেন। কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত রাজ্যপাল তাঁর সিদ্ধান্তের কথা জানাননি। তিনি আইনি পরামর্শ নিয়েছেন। অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগির পরামর্শ, বিধানসভার এক দিনের অধিবেশন ডেকে সরকার গঠনের দুই দাবিদার পনিরসেলভাম ও পালানিসামির পক্ষে গোপন ভোট গ্রহণ করা হোক।