ভারতের পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শরিক খোঁজার জন্য জোর কদমে মাঠে নেমে পড়েছে কংগ্রেস দল। রাজ্যে অবস্থান দুর্বল হয়ে পড়াতেই এ পথে হাঁটছে দলটি। তবে শেষ পর্যন্ত জোট বেঁধে, নাকি এককভাবে লড়বে বা জোট হলেও কার সঙ্গে হবে, তা পুরোটাই নির্ভর করছে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের ওপর।
আগামী এপ্রিল কিংবা মে মাসে রাজ্য বিধানসভা নির্বাচন হবে পশ্চিমবঙ্গে। এবারের নির্বাচনে এককভাবে লড়ে জয় পাওয়া কঠিন হবে বলে মনে করছে সব দলই। তাই বাম দল এবং তৃণমূল কংগ্রেসও জয়ের আশায় শরিক খুঁজছে।
পশ্চিমবঙ্গ কংগ্রেসের অধিকাংশ নেতা চাইছেন বাম দলের সঙ্গে জোট গড়তে। কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরী এবং বাম দল সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এই জোটের পক্ষে। তবে কংগ্রেসের দু-একজন নেতা চাইছেন তৃণমূলের সঙ্গে জোট গড়তে।
২০১১ সালে অনুষ্ঠিত সর্বশেষ বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট করে লড়েছিল কংগ্রেস। সেই নির্বাচনে তৃণমূল ১৮৪ আসনে জিতেছিল। দীর্ঘদিন ক্ষমতায় থাকা বামরা শোচনীয় ফল করে পেয়েছিল ৬০টি আর কংগ্রেস জিতেছিল ৪২ আসনে। বিধানসভা নির্বাচনে কংগ্রেসের অবস্থান ঠিক করতে কেন্দ্রীয় সহসভাপতি রাহুল গান্ধী ১ ফেব্রুয়ারি দিল্লিতে পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করবেন।