জোট নিয়ে জট কাটেনি, আশায় সিপিএম-কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং বাম দলের নির্বাচনী জোটের জট কাটেনি এখনো। তবু বাম দলের প্রধান শরিক সিপিএম এবং জাতীয় কংগ্রেস সম্ভাব্য এই জোটকে সামনে রেখেই পথ চলতে শুরু করেছে।
বিশেষ করে রাজ্যের বিভিন্ন এলাকার তৃণমূল স্তরের নেতা-কর্মীদের মধ্যে ইতিমধ্যে এই দুই দলের জোট হয়ে গেছে। যদিও কংগ্রেসের শীর্ষ কেন্দ্রীয় নেতারা এখনো এই জোটের পক্ষে সবুজ সংকেত দেননি। সবুজ সংকেত আসেনি সিপিএমের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেও। দুই দলের নেতারাই এখন জোটের ভবিষ্যৎ নিয়ে আলাপ-আলোচনায় রয়েছেন।
গত সোমবার সিপিএমের আট জেলার কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানিয়ে দেন, এবার তৃণমূল স্তরের কর্মী ও সমর্থকেরা চাইছেন জোট করে লড়তে। তিনি এ কথাও বলেছেন, ইতিমধ্যে মানুষের জোটও হয়ে গেছে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে হটানোর জন্য। সূর্যকান্ত মিশ্র ওই বৈঠকে এই ইঙ্গিতও দেন, জোট এমনভাবে হতে পারে: ২০১১ সালের নির্বাচনে বাম দল এবং কংগ্রেস যেসব আসনে জিতেছিল, এবারও তারা সেই সব আসনে প্রার্থী দেবে। আর তৃণমূল বা অন্যান্য দল যেসব আসনে জিতেছিল, সেখানে দ্বিতীয় স্থান অর্জনকারীরা প্রার্থী দেবে।
এই ফর্মুলা নিয়ে উভয় দলের তৃণমূল স্তরে ইতিমধ্যে জোটও হয়ে গেছে। এমন চিন্তা নিয়েই এগোচ্ছে তারা। কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব এখনো এই জোটের ব্যাপারে সবুজ সংকেত না দিলেও এই রাজ্যের কংগ্রেস নেতারা শেষ পর্যন্ত জোটের পক্ষে থেকে নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছেন।
২০১১ সালের নির্বাচনে তৃণমূল ১৮৪, কংগ্রেস ৪২ এবং বাম দল বা বামফ্রন্ট ৬০ আসনে জিতেছিল। তৃণমূল কংগ্রেস জানে, কংগ্রেস-বাম দল জোট হলে তাদের ভোট কমবে।