জোট নিয়ে জট পশ্চিমবঙ্গ কংগ্রেসে
বামপন্থীদের সঙ্গে জোট না বাঁধার জন্য ভারতের কংগ্রেস দলের শীর্ষ পর্যায়ের ওপর চাপ সৃষ্টি শুরু হলো। প্রদেশ কংগ্রেস নেতা ও পশ্চিমবঙ্গ রাজ্যের বিধায়ক মানস ভূঁইয়া গতকাল মঙ্গলবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে এ জোটের বিরোধিতা করেন। তবে এখন পর্যন্ত তিনিই একমাত্র প্রথম সারির নেতা, যিনি বামপন্থীদের সঙ্গে জোটের বিরুদ্ধে।
তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত না মেলানো ও বামপন্থীদের সঙ্গে জোট বাঁধার দাবি নিয়ে রাজধানী এখন সরগরম। প্রদেশ কংগ্রেসের প্রথম সারির সব নেতাই এই মুহূর্তে দিল্লিতে। জোটপন্থীরা জোটবদ্ধ হয়ে কংগ্রেসের শীর্ষ নেতাদের যেমন বোঝাতে ব্যস্ত বামপন্থীদের সঙ্গে হাত মেলালে রাজ্য কংগ্রেসের কী সুবিধা, তেমনই জোটবিরোধীরা বোঝাতে ব্যস্ত, বামপন্থীদের সঙ্গে হাত মেলালে কংগ্রেসের লাভের লাভ কিছুই হবে না।
মানস ভূঁইয়া গতকাল সোনিয়ার সঙ্গে দেখা করে বলেন, রাজ্যে লোকসভার ৪২টি আসনে কংগ্রেস যদি একলা লড়তে পারে, তাহলে বিধানসভার ২৯৪ আসনেও কংগ্রেসের একা লড়া উচিত। নিজেদের ক্ষমতার ওপর বিশ্বাস রেখে দল চললে ভবিষ্যৎ কংগ্রেসেরই। কারণ, পশ্চিমবঙ্গের মানুষ ৩৪ বছর সিপিএমকে দেখেছে, পাঁচ বছর তৃণমূল কংগ্রেসকেও দেখল।
মানস ভূঁইয়া একমাত্র জোটবিরোধী। সাবেক সাংসদ দীপা দাসমুন্সিও একলা চলার পক্ষে হলেও মানসের মতো তিনি অতটা সিপিএমবিরোধী নন। এই দুই নেতা-নেত্রী ছাড়া প্রদেশের অন্য নেতারা বামপন্থীদের সঙ্গে জোটের পক্ষে। প্রদেশ সভাপতি অধীর চৌধুরী, সোমেন মিত্র, আবদুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য, আবু হাসেম খান চৌধুরীসহ অন্য নেতারা কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করে জোটের প্রয়োজনীয়তার কথা বোঝাচ্ছেন। তাঁরা বলছেন, রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের এই মুহূর্তের দাবিও তা-ই।
সিপিএমের রাজ্য নেতৃত্ব নানাভাবে কংগ্রেসকে কাছে আসার প্রস্তাব দিলেও সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্ব এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। সিপিএমের সাবেক সম্পাদক প্রকাশ কারাত গতকাল বলেন, পার্টি কংগ্রেসে দল যে সিদ্ধান্ত নিয়েছে, সেই অনুযায়ীই চলবে।
কী সেই সিদ্ধান্ত? সিদ্ধান্ত হলো, রাজ্যের বিষয় রাজ্য কমিটির ওপরেই ছেড়ে দেওয়া হবে। চলতি মাসের ১২ তারিখ রাজ্য কমিটির বৈঠক। সেই বৈঠকে গৃহীত সিদ্ধান্ত পাঠানো হবে কেন্দ্রীয় কমিটিতে। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত। প্রকাশ এই প্রসঙ্গে বলেন, মানুষ যা চাইবে, সেই অনুযায়ীই দল এগোবে।
মুশকিল হলো, পশ্চিমবঙ্গের সিপিএম নেতারা কংগ্রেসকে কাছে টানতে চাইলেও কেরালার নেতারা তা চান না। একই অবস্থা কেরালার কংগ্রেস নেতাদেরও। এ দুই রাজ্যে এই দুই দলই পরস্পরের প্রতিদ্বন্দ্বী। এই পারস্পরিক বিরোধিতার টানাপোড়েনে দুই দলের কেন্দ্রীয় নেতৃত্ব কী সিদ্ধান্ত নেয়, তার ওপরই অনেকটা নির্ভর করছে এ দুই রাজ্যের ভোট-ভাগ্য।