ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে কংগ্রেসের সঙ্গে বাম দলের জোটবদ্ধভাবে নির্বাচন করা নিয়ে গতকাল মঙ্গলবার কলকাতায় প্রথম আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। বৈঠকে উভয় দলের নেতারা প্রাথমিকভাবে আসন ভাগাভাগির প্রশ্নে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।
সিপিএমের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র আর কংগ্রেসের পক্ষে ছিলেন সাবেক রাজ্য সভাপতি ও সাংসদ প্রদীপ ভট্টাচার্য এবং প্রবীণ কংগ্রেস নেতা আবদুল মান্নান। বৈঠকে কংগ্রেস ১০২টি আসন দাবি করে। সিপিএম তাদের ৬৩টি আসন দেওয়ার প্রস্তাব করে। তবে উভয় দলই শরিক পিডিএফকে দুটি এবং আরজেডিকে একটি আসন দিতে সম্মত হয়েছে। এই নিয়ে পরবর্তী সময়ে আরও আলোচনা হবে বলে বৈঠক শেষে জানানো হয়েছে।
সিপিএমের কেন্দ্রীয় কমিটি এর আগেই কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার সবুজ সংকেত দিয়েছে। কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব এখনো আনুষ্ঠানিকভাবে তেমন কিছু বলেনি। তবে রাজ্য কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী গত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্বের নির্দেশে জোট করার ইতিবাচক ইঙ্গিত দেন।
পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে নির্বাচন হওয়ার কথা আগামী এপ্রিল-মে মাসে। দু-এক দিনের মধ্যে এই নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে ভারতের নির্বাচন কমিশন।
পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী: এদিকে নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করার লক্ষ্যে এরই মধ্যে রাজ্যে পৌঁছে গেছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী।
গণমাধ্যমের খবর মোতাবেক, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গে ছয় কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে চার কোম্পানি কলকাতা এবং দুই কোম্পানি উত্তর দিনাজপুরে পাঠানো হয়েছে। আজ বুধবার পৌঁছানোর কথা রয়েছে আরও তিন কোম্পানির।
নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করার লক্ষ্যে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছিল। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে হলেও কংগ্রেস ও বাম দলসহ বেশির ভাগ রাজনৈতিক দলই একে স্বাগত জানিয়েছে।