জোড়-বিজোড় গাড়ি একেক দিন চলবে দিল্লিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়ুদূষণ নিয়ে জনমত ও আদালতের চাপের মুখে যুগান্তকারী ঘোষণা দিল দিল্লি সরকার: আগামী বছরের পয়লা জানুয়ারি থেকে রাজধানীর রাস্তায় জোড় ও বিজোড় সংখ্যার গাড়ি একেক দিনে চলবে। এর ফলে দিল্লির মাত্রাছাড়া দূষণ অনেক পরিমাণে কমবে বলে রাজ্য সরকারের বিশ্বাস।
সরকারি বাহন, বাস, ট্যাক্সি, অটোর মতো গণপরিবহন এবং মালবাহী যান এই সিদ্ধান্তের আওতায় আসছে না।
রাজধানীর ভয়াবহ বায়ুদূষণ রোধে দিল্লি হাইকোর্ট ও ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি) রাজ্য সরকারকে ২১ ডিসেম্বরের মধ্যে একটা কার্যকর সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দিয়েছিল। গত বৃহস্পতিবার এই নির্দেশ দেওয়ার সময় বিচারপতি বলেছিলেন, গোটা দিল্লিই একটা বিষাক্ত গ্যাস চেম্বার হয়ে গেছে।
সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি গাড়ির নম্বরপ্লেটের শেষ সংখ্যাটি যদি জোড় হয়, তা হলে তা যেদিন চলবে, সেদিন বিজোড় সংখ্যার গাড়ি রাস্তায় নামতে পারবে না। ১ জানুয়ারি জোড় না বিজোড় কোন সংখ্যার গাড়ি চলবে, তা পরে সরকারি ঘোষণায় জানানো হবে।
দূষণের মাত্রায় দিল্লি বিশ্বে এখন একেবারে প্রথম সারিতে। কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে মোট যত গাড়ি চলে, শুধু দিল্লিতে নথিভুক্ত গাড়ির সংখ্যা তার চেয়ে বেশি। অবশ্য, রাজ্য সরকারের এই সিদ্ধান্ত কতটা কার্যকর হবে সে বিষয়ে ইতিমধ্যে সংশয় দেখা দিয়েছে। কারণ, দিল্লির পুলিশ কেন্দ্রীয় সরকারের অধীন। তা ছাড়া এ ধরনের সিদ্ধান্ত কার্যকর করতে গণপরিবহন যে সংখ্যায় চালানো প্রয়োজন, দিল্লিতে তা নেই। ফলে, দূষণ কমলেও সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে কি না, সেই প্রশ্নও উঠছে।
দিল্লির দূষণের মাত্রা দিন দিন অসহনীয় হয়ে ওঠায় সেখানে ইতিমধ্যেই এলাকাভিত্তিক ‘কার ফ্রি ডে’ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ একেক এলাকায় একেক দিন গাড়িমুক্ত দিবস পালন করা হচ্ছে। আগামী ২২ জানুয়ারি গোটা দিল্লিতেই দিবসটি পালন করা হবে।