ভারতের পশ্চিমবঙ্গে কংগ্রেস ও সিপিএম রাজ্য কমিটির বৈঠকে কংগ্রেস-বাম জোটকে ‘গতিশীল ও অটুট’ রাখার পক্ষে মত দিয়েছেন নেতারা। গত শনি ও রোববার কলকাতায় দলের রাজ্য দপ্তরে সিপিএমের রাজ্য কমিটির বৈঠক হয়। আর কংগ্রেসের রাজ্য কমিটির বৈঠক বসে রোববার দলটির রাজ্য দপ্তর কলকাতার বিধান ভবনে।
কংগ্রেসের বৈঠকে দলটির নেতারা পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিকে আরও জোরদার ও গতিশীল করতে বাম দলের সঙ্গে সম্পর্ক অটুট রাখার পক্ষে সায় দেন। নেতারা অভিমত দেন, এই জোট রাজ্যে বিভিন্ন গণ-আন্দোলনে শরিক হবে। রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও দৃঢ় করবে। দলের রাজ্য সভাপতি অধীর চৌধুরী বলেন, দলীয় প্রধান সোনিয়া গান্ধী ও তাঁর ছেলে রাহুল গান্ধী এই জোটকে অটুট রাখার পক্ষে সায় দিয়েছেন। তাই অন্য নেতারাও পশ্চিমবঙ্গে এ জোটকে আরও শক্তিশালী করার মধ্য নিয়ে এগিয়ে নেবেন।
অন্যদিকে সিপিএমের রাজ্য কমিটির দুই দিনব্যাপী বৈঠকেও জোটের পক্ষে মত দেন রাজ্যের বিভিন্ন জেলার বাম নেতারা। বৈঠকে সাতজন নেতা জোটের বিরুদ্ধে অবস্থান তুলে ধরলেও অধিকাংশ নেতাই জোটকে অটুট রাখার পক্ষে বার্তা দেন। এখন সিপিএমের রাজ্য কমিটির সিদ্ধান্ত আলোচনার জন্য পাঠানো হবে কেন্দ্রীয় কমিটির কাছে। তারপরই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
বামফ্রন্টের অন্যতম শরিক আরএসপির রাজ্য সম্পাদক ক্ষিতী গোস্বামী রোববার বর্ধমানে দলীয় এক বৈঠকে বলেন, কংগ্রেসের সঙ্গে সুবিধাবাদী জোট করেছিল সিপিএম। এ জোট করতে গিয়ে এবার সিপিএম বিধানসভা ভোটে খারাপ ফল করেছে। হারিয়েছে বিধানসভায় বিরোধীদলীয় আসনও।