জোট প্রশ্নে রাজ্যনেতাদের গুরুত্ব দিচ্ছে সিপিএম
ভারতের পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট প্রশ্নে দলের রাজ্যনেতাদেরই বেশি গুরুত্ব দিচ্ছে সিপিএম।
দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি আজ বুধবার উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলার বিমানবন্দরে প্রথম আলোকে বলেন, সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বৈঠকে বসছেন। তাঁরা কী সিদ্ধান্ত নেন, সেটা দেখেই সিপিএমের পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নেবে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে রুখতে সিপিএম ও কংগ্রেসের জোট নিয়ে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। কংগ্রেসের মতো বামদের অন্দরমহলেও বিতর্ক দেখা দিয়েছে। সিপিএমের পলিটব্যুরো আগে সিদ্ধান্ত নিয়েছিল, কংগ্রেস ও বিজেপি থেকে সমদূরত্ব বজায় রাখবে। কিন্তু এখন সেই কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে।
এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে সীতারাম ইয়েচুরি বলেন, দলে এই বিষয়টি নিয়েও চর্চা হবে। তবে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে পশ্চিমবঙ্গের রাজ্যনেতাদের বক্তব্য।