জ্বলছে দার্জিলিং, চারজন নিহতের দাবি আন্দোলনকারীদের

অগ্নিগর্ভ হয়ে উঠছে ভারতের পশ্চিমবঙ্গের পাহাড়ি জনপদ দার্জিলিং। চলছে অনির্দিষ্টকালের বন্ধ্। আজ শনিবার আন্দোলনকারী গোর্খা জনমুক্তি মোর্চার সদস্যদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত হয়েছেন মোর্চার চার সমর্থক।
সোমবার থেকে চলছে এই বন্ধ্। আজ শনিবার সেই বন্ধ্ ষষ্ঠ দিনে পা দিয়েছে। আজ জনমুক্তি মোর্চা ঘোষণা দিয়েছিল, তাদের নেতা বিমল গুরুংয়ের পাতলেবাসের বাসভবন এবং জনমুক্তি মোর্চার সদর দপ্তর তল্লাসির প্রতিবাদে তারা অভিযানে অংশ নেবে। সেই লক্ষ্যে আজ দুটি বিশাল মিছিল সকালে এগোতে থাকে পাতলেবাস বিমল গুরুংয়ের বাসভবন ও গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান দপ্তর থেকে। আর অন্যটি চকবাজার থেকে। কয়েক হাজার মানুষের এই দুটি মিছিলে অংশ নেন প্রচুরসংখ্যক নারী মোর্চার সদস্যরা। একটি মিছিল আসে চকবাজার থেকে আরেকটি আসে পাতলেবাস থেকে লেবংয়ের দিক হয়ে। কিন্তু পাতলেবাস থেকে আসা মিছিলটি পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা আটকে দেন। এরপরই বিক্ষুব্ধ মোর্চার সমর্থকেরা পুলিশের ব্যারিকেড ভেঙে চলে আসেন সিংমারিতে। মোর্চার সমর্থকেরা এরপর নিরাপত্তা বাহিনীর সদস্যদের দিকে ছুড়ে মারেন পেট্রলবোমাও। এতে কয়েকজন পুলিশ সদস্যও জখম হন। পুলিশের দাবি, মোর্চার সদস্যরা মিছিল থেকে গুলিও চালান।
নিরাপত্তা বাহিনীর সঙ্গে এরপরই মোর্চার সমর্থকদের সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় পুলিশ প্রচুর টিয়ার শেল ফাটায়। এ সময় মোর্চার সমর্থকেরা সিংমারি ও পাতলেবাস এলাকার চারটি যানবাহনে আগুন ধরিয়ে দেন।
এদিকে জনমুক্তি মোর্চার পক্ষ থেকে দাবি করা হয়েছে, সেন্ট জোসেফ কলেজের সামনে পুলিশের গুলিতে তাদের চার সমর্থক মারা গেছেন এবং পাঁচজন জখম হয়েছেন। মোর্চা এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তও দাবি করে। তবে পশ্চিমবঙ্গের পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) অনুজ শর্মা বলেছেন, পুলিশ কোনো গুলি চলায়নি। গুলি চালিয়েছে মোর্চাই।
পুলিশ দাবি করেছে, সংঘর্ষের সময় ১৯ জন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

একটি গাড়িতে বাধা দেওয়ার সময় নিরাপত্তা বাহিনীর অ্যাসিট্যান্ট কমান্ড্যান্ট কিরণ তামাংয়ের ওপর হামলা চালান মোর্চার সমর্থকেরা। এতে গুরুতর জখম হন তিনি। তাঁকে উন্নত চিকিৎসার জন্য শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে অবশ্য সংবাদমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ে, কিরণ তামাং মারা গেছেন। কিন্তু আজ দুপুরে কলকাতার রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে মমতা বলেন, কিরণ তামাং মারা যাননি। তিনি গুরুতর অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। তিনি আরও বলেন, এই আন্দোলনের পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। তিনি পাহাড়বাসীর প্রতি এই আন্দোলন বর্জন করে পাহাড়ের উন্নয়ন কার্যক্রমে শামিল হওয়ার আহ্বান জানান। বলেন, পাহাড়ে যা হচ্ছে তা পরিকল্পিত চক্রান্ত। আমরা চাই পাহাড়ের উন্নয়ন।
এদিকে মোর্চা আরও অভিযোগ করেছে গতকাল রাতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা জনমুক্তি মোর্চার মিডিয়া সেলের প্রধান বিক্রম রাইয়ের বাসভবনে তল্লাসির নামে ব্যাপক ভাঙচুর করেছে। এদিকে আরও জানা গেছে, আজ জনমুক্তি মোর্চার সমর্থকেরা বিজনবাড়িতে পূর্ত দপ্তরের অফিস ও কালিম্পংয়ে পঞ্চায়েত অফিসে আগুন লাগান।