জ্যোতি বসুকে সরিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকার রেকর্ড গড়লেন পবন চামলিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যোতি বসু ও পবন চামলিং। ফাইল ছবি
জ্যোতি বসু ও পবন চামলিং। ফাইল ছবি

ভারতে মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকার রেকর্ড গড়লেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং। তিনি পশ্চিমবঙ্গের জ্যোতি বসুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের রেকর্ড ভাঙলেন।

ভারতে একটানা দীর্ঘদিন মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম রেকর্ড গড়েছিলেন জ্যোতি বসু। তিনি বামফ্রন্টের প্রতিনিধি হিসেবে মুখ্যমন্ত্রীর আসনে বসেন ১৯৭৭ সালের ২১ জুন। আর বার্ধক্যজনিত কারণে অবসর নেন ২০০০ সালের ৬ নভেম্বর। একটানা পাঁচবার বিধায়ক হিসেবে জিতে তিনি ক্ষমতায় থাকেন ২৩ বছর ৪ মাস ১৫ দিন। জ্যোতি বসু প্রয়াত হন ২০১০ সালের ১৭ জানুয়ারি ৯৫ বছর বয়সে। রেখে যান একমাত্র ছেলেকে।

অন্যদিকে উত্তর-পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ লাগোয়া সিকিম রাজ্যে সিকিম ডেমোক্রাটিক ফ্রন্টের নেতা পবন চামলিং সিকিমের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব শুরু করেন ১৯৯৪ সালের ১২ ডিসেম্বর। তিনি এখনো সেপদেই আছেন। পবন চামলিংও পাঁচবার একটানা বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় আছেন। আজ রোববার পর্যন্ত ২৩ বছর ৪ মাস ১৮ দিন ধরে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। দুই স্ত্রী, চার ছেলে ও চার কন্যার জনক পবন চামলিংয়ের বয়স এখন ৬৮ বছর।

ভারতে একটানা সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী থাকার রেকর্ড গড়ায় পবন চামলিং শনিবার ফেসবুকে এ রেকর্ড গড়ার জন্য বাবা, মা, সিকিমের জনগণ, সিকিম ডেমোক্রাটিক ফ্রন্ট এবং কেন্দ্রীয় সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছেন।