জয়ন্তীকে আমার পেছনে খেপিয়ে দিয়েছেন মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়ন্তী নটরাজন, রাহুল গান্ধী
জয়ন্তী নটরাজন, রাহুল গান্ধী

সদ্য পদত্যাগকারী কংগ্রেস নেত্রী জয়ন্তী নটরাজনের সমালোচনার জবাব দিলেন দলের সহসভাপতি রাহুল গান্ধী। এ জন্য তিনি বেছে নিলেন দিল্লি বিধানসভা নির্বাচনের একটি জনসভাকে। অভিযোগ করলেন, তাঁকে আক্রমণ করতে জয়ন্তীকে খেপিয়ে দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।
রাহুল গান্ধী গতকাল বুধবার দিল্লির জাহাঙ্গীরপুরি এলাকায় একটি জনসভায় ভাষণ দেন। আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় দিল্লি বিধানসভার নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের প্রচারণার অংশ হিসেবে ওই জনসভার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে রাহুল বলেন, ‘লোকসভা নির্বাচনের সময় মোদি প্রতিশ্রুতির ফুলঝুরি ফুটিয়েছেন। আমি বলেছি, একজন মানুষ ভারতকে বদলে দিতে পারবে না।’
প্রজাতন্ত্র দিবসে মোদির নিজের নাম লেখা স্যুট পরা নিয়েও আক্রমণ করতে ছাড়েননি রাহুল। তিনি বলেন, পুরোটাজুড়ে নিজের নাম লেখা যে স্যুট মোদি পরেছিলেন, সেটির দাম ছিল ১০ লাখ রুপি। তা-ও আবার দেশি নয়, যুক্তরাজ্যে তৈরি। অথচ তিনি ‘ভারতে তৈরি করো (মেক ইন ইন্ডিয়া)’—এই বুলি আওড়ে থাকেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ও বেকারত্ব নিয়েও মোদির সমালোচনা করেন রাহুল।
দক্ষিণী নেত্রী জয়ন্তী নটরাজন বিতর্ক নিয়ে প্রথমবারের মতো মুখ খুলে রাহুল বলেন, তিনি তাঁকে (জয়ন্তীকে) উপজাতীয়দের অধিকার রক্ষা করতে বলেছিলেন। তিনি বলেন, ‘আমাকে আক্রমণ করতে মোদিই জয়ন্তী নটরাজনকে খেপিয়ে দিয়েছেন...আমি জয়ন্তীকে বলেছিলাম পরিবেশ, উপজাতি ও দরিদ্রদের রক্ষা করতে হবে। আমি এ বিষয়ে ভীত নই।’
অবশ্য এই বক্তব্যের মধ্য দিয়ে কার্যত জয়ন্তীর অভিযোগের কিছুটা হলেও স্বীকার করে নিলেন রাহুল। গত সপ্তাহে সংবাদ সম্মেলন করে কংগ্রেস থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার সময় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্তী বলেছিলেন, পরিবেশমন্ত্রীর পদে থাকাকালে তাঁকে ‘সুনির্দিষ্ট কিছু অনুরোধ’ করেছিল রাহুলের দপ্তর। কিছু বিশাল প্রকল্পের ব্যাপারে ছাড়পত্র দিতে ওই ‘অনুরোধ’ করা হয়েছিল। একে তিনি আদেশ হিসেবেই নিয়েছিলেন।
কংগ্রেস দলে রাহুলের চেয়ে বড় পদে আছেন কেবল একজনই, তাঁর মা সোনিয়া গান্ধী। তিনি দলের সভানেত্রী, ছেলে রাহুল সহসভাপতি। তাই রাহুলের দপ্তর থেকে আসা ‘অনুরোধ’ যে প্রকারান্তরে আদেশ, দৃশ্যত সেটাই বুঝিয়েছিলেন জয়ন্তী।