জয়ললিতার অব্যাহতির বিরুদ্ধে আপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতাসহ চারজনকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে কর্ণাটক সরকার।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, আজ মঙ্গলবার আবেদনটি করা হয়।

আয়বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগে জয়ললিতা, তাঁর ঘনিষ্ঠ সহযোগী শশীকলা ও অন্য দুজনের বিরুদ্ধে আনা সব অভিযোগ গত মাসে খারিজ করেন কর্ণাটকের হাইকোর্ট। গত বছর নিম্ন আদালত এই চারজনকে দোষী সাব্যস্ত করেছিলেন। এতে জয়ললিতার কারাদণ্ড ও জরিমানা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে গত বছর মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন জয়ললিতা। তবে কর্ণাটক হাইকোর্টের রায়ের পর জয়ললিতা আবার রাজ্যের মুখ্যমন্ত্রিত্ব ফিরে পান।

কর্ণাটক হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আজ আবেদন করার পর কর্ণাটক সরকার দাবি করেছে, জয়ললিতাকে খালাস দেওয়া ‘অবৈধ’। হাইকোর্টের রায়কে ‘প্রহসন’ বলেও উল্লেখ করেছে সরকার।

জয়ললিতার বিরুদ্ধে মামলাটি বেশ পুরোনো। ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকার সময় জয়ললিতা মাসে এক রুপি বেতন নিতেন। কিন্তু পাঁচ বছর পর দেখা যায় তাঁর সম্পত্তি প্রায় ৬৬ কোটি রুপি! এর পরিপ্রেক্ষিতে রাজ্যের তৎকালীন জনতা পার্টির নেতা বর্তমানে বিজেপি সদস্য সুব্রহ্মনম স্বামী জয়ললিতার বিরুদ্ধে মামলা করেন।