জয়ললিতার চেয়ারে পালানিসামি
ই পালানিসামি গতকাল সোমবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে কাজ শুরু করেছেন। ‘আম্মা’ নামে খ্যাতি পাওয়া তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতা মারা যাওয়ার পাঁচ মাস পর গতকালই প্রথম কেউ তাঁর কার্যালয় ব্যবহার করলেন, তাঁর চেয়ারে বসে দাপ্তরিক কাজ শুরু করলেন।
এদিকে বিধানসভায় ক্ষমতাসীন অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্রা কাজাগামের (এআইএডিএমকে) নেতা পালানিসামির জন্য যে আস্থা ভোট হয়েছে, তার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে গেছেন বিরোধী দ্রাবিড় মুনেত্রা কাজাগামের (ডিএমকে) বিধায়কেরা। আজ মঙ্গলবার মাদ্রাজ হাইকোর্টে এ ব্যাপারে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত বছরের সেপ্টেম্বর মাসে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হন জয়ললিতা। ৫ ডিসেম্বর তিনি মারা যান। ঘণ্টা খানেক পরই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তাঁর অনুগত পনিরসেলভাম। কিন্তু তিনি জয়ললিতার কার্যালয় বা চেয়ার ব্যবহার করেননি। এরপর শশীকলা নটরজনকে জায়গা করে দিতে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান পনিরসেলভাম। তবে পরে তিনি বলেন, চাপের মুখে তাঁকে পদ থেকে সরে যেতে হয়েছে। এরপর মুখ্যমন্ত্রীর পদ নিয়ে পনিরসেলভাম ও শশীকলার মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরই মধ্যে সর্বোচ্চ আদালতে দুর্নীতির অভিযোগে কারাদণ্ড হয় শশীকলার। এরপর তাঁর জায়গা পূর্ণ করতে তাঁরই অনুগত পালানিসামি এগিয়ে আসেন।
গত বৃহস্পতিবার মন্ত্রিসভার ৩০ সদস্যকে নিয়ে শপথ নেন পালানিসামি। শনিবার তামিলনাড়ুর বিধানসভায় আস্থা ভোটে জয় পান পালানিসামি। স্পিকার পি ধনপাল ঘোষণা করেন, পালানিসামির পক্ষে ১২২ ভোট পড়েছে। আর বিপক্ষে পনিরসেলভামের অনুগত ১১ বিধায়ক ভোট দেন। প্রতিবাদ জানাতে কংগ্রেস বিধানসভার অধিবেশন থেকে বেরিয়ে যায়। বিরোধী দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে) দল অভিযোগ করেছে, পালানিসামির জন্য যে আস্থা ভোট অনুষ্ঠিত হয়েছে, তা বৈধ নয়। কারণ, তা দুবার করা হয়েছে। ডিএমকের বিধায়কেরা বিধানসভায় গোলযোগের মুখে স্পিকার দুবার অধিবেশন মুলতবি করেন।
এদিকে নিজের প্রথম কর্মদিবসে পালানিসামি মুখ্যমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্বাভাবিকভাবেই কাজ শুরু করেছেন। মন্ত্রী ও জ্যেষ্ঠ আমলাদের উপস্থিতিতে কয়েকটি নথিতেও সই করেন। এর মধ্যে কর্মজীবী নারীদের জন্য দ্বিচক্রযান কেনার ক্ষেত্রে ৫০ শতাংশ সরকারি ভর্তুকি, সরকার পরিচালিত পাঁচ শ মদের দোকান বন্ধ এবং গর্ভবতী নারী ও বেকার যুবকদের ভাতা বৃদ্ধি অন্যতম।