
ভারতের তামিলনাড়ুতে ৩২ বছর বয়সী এক ব্যক্তি নিজেকে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতার ছেলে হিসেবে দাবি করেছেন। গতকাল শনিবার মাদ্রাজ হাইকোর্ট জে কৃষ্ণমূর্তি নামের ওই ব্যক্তিকে চেন্নাইয়ের পুলিশ কমিশনারের সামনে হাজির হওয়ার নির্দেশ দেন। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কাগজপত্র ভুয়া হলে কারাগারে যেতে হতে পারে। কৃষ্ণমূর্তির দাবি, তিনি জয়ললিতা ও সাবেক তেলেগু অভিনেতা শোভন বাবুর সন্তান। ‘এ দম্পতি’ তাঁকে লালনপালনের দায়িত্ব দিয়েছিলেন বসন্তমণি নামের এক নারীকে। কথিত চুক্তিপত্রের একটি অনুলিপিও পেশ করেছেন তিনি। আদালত এর সত্যতা যাচাইয়ে সরকারি কৌঁসুলিকে নির্দেশ দিয়েছেন। কৃষ্ণমূর্তি দাবি করেন, তাঁর সঙ্গে জয়ললিতা নিজ বাসভবনে গত সেপ্টেম্বরে দেখা করেছেন। তাঁকে নিজের ছেলে হিসেবে জনসমক্ষে ঘোষণা করতেও চেয়েছিলেন। তবে ঘনিষ্ঠ বান্ধবী শশীকলা এর বিরোধিতা করেন।