জয়ললিতার ভাইঝি দীপা রাজনীতিতে আসছেন

ভারতের তামিলনাড়ু রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী সম্প্রতি প্রয়াত জয়ললিতার ভাইঝি দীপা জয়কুমার রাজনীতিতে আসার ইচ্ছা জানিয়েছেন। তিনি এ বিষয়ে সাড়ম্বরে ঘোষণা দেবেন আগামী ২৪ ফেব্রুয়ারি জয়ললিতার জন্মদিনে।
জয়ললিতা গত ৫ ডিসেম্বর শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বান্ধবী শশীকলা এরপর দলের নেতৃত্বে এলেও তাঁকে নিয়ে দল ও ভক্তদের অনেকের মধ্যে অসন্তোষ আছে।
তামিলনাড়ুর ক্ষমতাসীন দল এআইএডিএমকের প্রতিষ্ঠাতা ও জয়ললিতার আদর্শিক নেতা এম জি রামাচন্দ্রনের জন্মশতবার্ষিকী ছিল গতকাল মঙ্গলবার। এ দিনে দীপা জয়কুমার প্রথম সংবাদ সম্মেলন ডেকে বলেন, ‘আজ আমি জীবনে নতুন এক যাত্রা শুরু করছি। রাজনৈতিক যাত্রা শুরুর পরিকল্পনা নিয়েছি।’
জয়ললিতার দল এআইডিএমকের নেতা হিসেবে তাঁর ঘনিষ্ঠ বান্ধবী ও সহযোগী শশীকলা নটরাজন ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন। তবে তাঁর সঙ্গে দীপার মতবিরোধ রয়েছে। তিনি জয়ললিতার জায়গায় দলে অন্য কাউকে মেনে নিতে রাজি নন। প্রয়াত জয়ললিতার সঙ্গে ৪২ বছর বয়সী দীপার চেহারার বেশ মিল পান অনেকে।
দীপা জয়কুমার এআইএডিএমকেতে যোগ দিয়ে শশীকলাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানাবেন, নাকি নিজে আলাদা দল গঠন করে রাজনীতির মাঠে নামবেন, তা এখনো স্পষ্ট নয়। দীপা বলেছেন, দলীয় লোকজন ও জনসাধারণের সঙ্গে পরামর্শ করেই তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে এআইএডিএমকের একটি অংশ দীপাকে শশীকলার প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরে নিয়েছে। জয়ললিতার মৃত্যুর পর শশীকলা হঠাৎ সামনে চলে আসেন।
তামিলনাড়ুতে কয়েক সপ্তাহ ধরে দীপার বিভিন্ন পোস্টার দেখা যাচ্ছে। এগুলোতে জয়ললিতার সঙ্গে তাঁর চেহারার মিল তুলে ধরা হয়েছে। দীপার শাড়ি পরার ধরনও জয়ললিতার মতো। বিষয়টি তাঁর সমর্থকদের অনেকের মধ্যে সাড়া জাগিয়েছে।