জয়ললিতার মামলা এবার সুপ্রিম কোর্টে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার বিরুদ্ধে আয়ের সঙ্গে সংগতিহীন সম্পত্তির মামলা কর্ণাটক সরকার এবার সুপ্রিম কোর্টে নিয়ে এল। গতকাল মঙ্গলবার কর্ণাটক সরকার সেই মামলা দায়ের করে জানায়, রাজ্যের হাইকোর্টের যে রায়ে জয়ললিতা গত মে মাসে নির্দোষ প্রতিপন্ন হয়েছিলেন, তা ছিল বিচারের নামে প্রহসন। অন্যায়ভাবে তাঁকে নির্দোষ বলা হয়েছে।
নব্বইয়ের দশকের গোড়ায় মুখ্যমন্ত্রিত্বের প্রথম পাঁচ বছরে এক টাকাও বেতন নেননি জয়ললিতা। তবু পাঁচ বছরে তাঁর সম্পত্তির পরিমাণ ৬৬ কোটি রুপিতে দাঁড়ায়। এর বিরুদ্ধে মামলা করেছিল রাজ্যে তাঁরই প্রবল প্রতিপক্ষ দল ডিএমকে। রাজনৈতিক কারণে তামিলনাড়ুতে ন্যায়বিচার পাওয়া যাবে না বলে সুপ্রিম কোর্টের নির্দেশে মামলাটি ২০০৩ সালে পাশের রাজ্য কর্ণাটকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ দুই দশক পরে নিম্ন আদালত সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতাসহ তাঁর ঘনিষ্ঠ আরও তিনজনকে চার বছরের কারাদণ্ড ও ১০০ কোটি রুপি জরিমানা ধার্য করেন। এই রায়ের ফলে জয়ললিতা মুখ্যমন্ত্রিত্ব হারান ও তাঁকে জেলে যেতে হয়। তিন সপ্তাহ জেল খাটার পর তিনি জামিন পান। পরে হাইকোর্টের রায়ে নির্দোষ প্রতিপন্ন হন।
হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়ে কর্ণাটক সরকারের কৌঁসুলি বলেছেন, সেই রায় ছিল ‘প্রহসন ও অঙ্কের ভুল’।