ঝাড়খন্ডে বিজেপি, কাশ্মীরে ঝুলন্ত পার্লামেন্ট
ভারতের ঝাড়খন্ড এবং জম্মু ও কাশ্মীর রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আজ মঙ্গলবার চলছে। ঝাড়খন্ডে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। জম্মু ও কাশ্মীর হাঁটছে ঝুলন্ত পার্লামেন্টের দিকে।
সর্বশেষ পাওয়া ফলাফলের প্রবণতায় দেখা গেছে, ঝাড়খন্ড রাজ্য বিধানসভার ৮১ আসনের মধ্যে ৪১টিতে এগিয়ে বিজেপি। ঝাড়খন্ড মুক্তি মোর্চা এগিয়ে ১৮টিতে। কংগ্রেস সাতটি, জেভিএম (পি) ছয়টি এবং অন্যান্য দল নয়টিতে এগিয়ে।
জম্মু ও কাশ্মীর রাজ্য বিধানসভার ৮৭ আসনের মধ্যে পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) ৩২টি আসনে এগিয়ে। বিজেপি ২৫, কংগ্রেস ১২, ক্ষমতাসীন ন্যাশনাল কনফারেন্স (এনসি) ১২টি এবং অন্যান্য দল ছয়টি আসনে এগিয়ে আছে।
নির্বাচনের ফলাফলের প্রবণতা বিশ্লেষণ করে টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ঝাড়খন্ডে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। জম্মু ও কাশ্মীরে একটি ঝুলন্ত পার্লামেন্ট হতে যাচ্ছে।
দুই রাজ্যে এক মাসেরও বেশি সময় ধরে পাঁচ ধাপে এ নির্বাচন হয়েছে।