ঝাড়খন্ডের নদী সংযোগ প্রকল্পে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গ
ভারতের ঝাড়খন্ড রাজ্য সরকার তিনটি নদী সংযোগকরণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় উদ্বিগ্ন পাশের রাজ্য পশ্চিমবঙ্গ। এ প্রকল্প বাস্তবায়নের আগে পশ্চিমবঙ্গ সরকারের মতামত নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সোমবার কেন্দ্রীয় জলসম্পদমন্ত্রী উমা ভারতীকে বিষয়টি জানিয়ে চিঠি দিয়েছেন। ঝাড়খণ্ড যে তিনটি নদী নিয়ে প্রকল্পের পরিকল্পনা করছে সেগুলো হলো বরাকর, সুবর্ণরেখা ও দামোদর।
ঝাড়খন্ড সরকার বলছে, রাজ্যের সেচব্যবস্থাকে আরও উন্নত করতে এবং শুকনো মৌসুমে যাতে নদীতে আরও বেশি পানি পাওয়া যায় সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে গত মঙ্গলবার সেচ ও জলপথ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গ সরকার খতিয়ে দেখে মতামত না দেওয়া পর্যন্ত কেন্দ্রীয় সরকার যেন ওই প্রকল্পের অনুমতি না দেয় সেই অনুরোধ জানানো হয়েছে।
ঝাড়খন্ড সরকারেরও এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রণালয়ে। প্রস্তাবিত প্রকল্প অনুযায়ী বরাকর নদীর পানি ১১৪ কিলোমিটার খাল কেটে সুবর্ণরেখা নদীতে নেওয়ার কথা। তবে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, এই প্রকল্পের প্রভাব এসে পড়বে দামোদরের নিম্ন অববাহিকা অঞ্চলে। এর ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে প্রভাব পড়তে বাধ্য।