ঝাড়খণ্ডে মাওবাদী ধরিয়ে দিলে কোটি রুপি পুরস্কার
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ৭৩ মাওবাদী নেতাকে ধরিয়ে দিতে গতকাল মঙ্গলবার মোট আট কোটি ৬৯ লাখ রুপি অর্থ পুরস্কার ঘোষণা করেছে রাজ্য সরকার।
রাজ্যের ২৪টি জেলার মধ্যে ২২টি মাওবাদী অধ্যুষিত। সিপিআইয়ের (মাওবাদী) বিভিন্ন পর্যায়ের নেতা ও পিপলস লিবারেশন ফ্রন্ট অব ইন্ডিয়ার (পিএলএফআই) শীর্ষস্থানীয় নেতাকে ধরিয়ে দিলে এ পুরস্কার মিলবে।
রাজ্য সরকারের দাবি, মাওবাদী সংগঠন দুটি বিভিন্ন সময় রাজ্যের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছে। অনেক সরকারি সম্পত্তির ক্ষতি করেছে। ২০০০ সাল থেকে এ পর্যন্ত মাওবাদীদের হামলায় রাজ্যের কমপক্ষে ৫০০ নিরাপত্তারক্ষী প্রাণ হারিয়েছে।
ঝাড়খণ্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, বিভিন্ন পর্যায়ের মাওবাদী নেতাদের ধরিয়ে দিলে সর্বনিম্ন এক লাখ রুপি আর সর্বোচ্চ ২৫ লাখ রুপি অর্থ পুরস্কার দেওয়া হবে। সিপিআই (মাওবাদী) দলের কেন্দ্রীয় কমিটি, বিশেষ এলাকা কমিটি ও স্থানীয় ব্যুরোর সদস্যদের ধরিয়ে দিলে ২৫ লাখ রুপির পুরস্কার মিলবে। পিএলএফআইয়ের প্রতিষ্ঠাতা প্রধান দীনেশ গোপকে ধরিয়ে দিলেও মিলবে ২৫ লাখ রুপি।
এ ছাড়া মাওবাদীদের রিজওনাল কমিটির সদস্যদের জন্য ১৫ লাখ, জোনাল কমিটির সদস্যদের জন্য ১০ লাখ, সাব-জোনাল কমিটির সদস্যদের জন্য পাঁচ লাখ, কমান্ডারস এরিয়া কমিটির সদস্যদের জন্য দুই লাখ ও স্থানীয় গেরিলা স্কোয়াডের সদস্যদের জন্য এক লাখ রুপি পুরস্কার দেওয়া হবে।