ঝাড়খন্ডে মাওবাদী হামলায় পুলিশের সাত সদস্য নিহত
পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডে মাওবাদী হামলায় পুলিশের সাতজন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয় সদস্য।
গতকাল বুধবার সন্ধ্যায় ঝাড়খন্ড রাজ্যের পালামৌতে মাওবাদীদের পুঁতে রাখা ভূমিমাইন বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।
কেন্দ্রীয় পুলিশ বাহিনী সিআরপিএফের কমান্ড্যান্ট এস কে লিন্ডা সাংবাদিকদের বলেন, গতকাল সন্ধ্যায় মাওবাদী-অধ্যুষিত কালা পাহাড় অঞ্চল থেকে টহল পুলিশের একটি দল গাড়িতে করে হুসেনাবাদে ফিরছিল। এ সময় কাসিয়ার গ্রামের সড়কে মাওবাদীদের পুঁতে রাখা ভূমিমাইন বিস্ফোরণে পুলিশের চারজন কনস্টেবল, একজন হাবিলদার, গাড়ির চালক ও একজন নিরাপত্তারক্ষী নিহত হন। আহত ব্যক্তিদের ডাল্টনগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝাড়খন্ডের আইজি অপারেশন এম এস ভাটিয়া বলেন, গুরুতর আহত ব্যক্তিদের রাজধানী রাঁচির হাসপাতালে নেওয়ার ব্যবস্থা হচ্ছে।
পালামৌর ডিআইজি সাকেত কুমারের নেতৃত্বে পুলিশ ভূমিমাইন বিস্ফোরণের এলাকাটি ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে।
গতকাল ভোরে আরেক মাওবাদী-অধ্যুষিত রাজ্য ছত্রিশগড়ের দান্তেওয়াড়াতে পুলিশ-মাওবাদী সংঘর্ষে তিন মাওবাদী নিহত হয়েছে।