ঝাড়খন্ডে মুসলিম তরুণকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ঝাড়খন্ড রাজ্যে হিন্দু কিশোরীর সঙ্গে প্রেম করায় এক মুসলিম তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ বলেছে, রাজ্যের গুমলা জেলায় গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। মেয়েটির এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে ওই তরুণকে বেদম মারধর করলে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত সন্দেহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গুমলা পুলিশের সুপারিনটেনডেন্ট চন্দন কুমার ঝা গত শুক্রবার বলেন, নিহত তরুণের নাম মোহাম্মদ সালিক। তাঁকে হত্যার ঘটনাটি কোনো সাম্প্রদায়িক ইস্যু নয়। ১৫ বছর বয়সী ওই হিন্দু কিশোরীর পরিবার চাইছিল না, অন্য ধর্মের ছেলের সঙ্গে তাদের মেয়ের সম্পর্ক গড়ে উঠুক। এ নিয়ে সালিককে সতর্কও করে দিয়েছিলেন তাঁরা। কিন্তু ওই তরুণ তা শোনেননি। বুধবার রাতে মেয়েটিকে তাঁর বাড়ির কাছে নামিয়ে দেন সালিক। এটা দেখে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী তাঁকে খুঁটির সঙ্গে বেঁধে বেদম পেটায়। সালিকের পরিবারের সদস্যরা খবর পেয়ে তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বৃহস্পতিবার তিনি মারা যান।
পুলিশ সুপার আরও বলেন, জিজ্ঞাসাবাদে হিন্দু কিশোরীর দেওয়া তথ্যের ভিত্তিতে তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।