টাকার ঝরনা!

ব্যাংকের এটিএম মেশিনে কার্ড ঢুকিয়ে নির্দিষ্ট পরিমাণ নোটের জন্য দাঁড়িয়ে আছেন। কিন্তু দেখলেন, নির্দিষ্ট পরিমাণ নোটের বেরোনোর পরও মেশিন থেকে নোট বের হওয়া থামছে না!
অবাক করার মতো এ ঘটনা গত মঙ্গলবার ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যের টঙ্ক শহরে।
আজ বৃহস্পতিবার ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, টঙ্ক শহরে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের এটিএম মেশিনে কার্ড ঢুকিয়ে সাড়ে তিন হাজার রুপির নির্দেশনা দিয়ে দাঁড়িয়ে ছিলেন জিতেশ দিবাকর নামের এক ব্যক্তি। একটু পরেই রুপি বের হওয়া শুরু হলো; কিন্তু সাড়ে তিন হাজার রুপি বের হয়েও নোট বের হওয়া থামছিল না। একপর্যায়ে ৭০ হাজার রুপি বের হওয়ার পর তা থেমে গেল। জিতেশ বিষয়টি ওই ব্যাংকের স্থানীয় ব্যবস্থাপককে জানান। ব্যাংক কর্তৃপক্ষ ওই এটিএম মেশিনটি বন্ধ করে দেয়। কিন্তু এর আগেই হয়তো আরও অনেকে এটিএম থেকে বের হওয়া অতিরিক্ত রুপি নিয়ে বাড়ি ফিরে গেছেন। কারণ, ব্যাংক কর্তৃপক্ষ বলছে, বন্ধ করার আগে ওই এটিএম মেশিন থেকে ৬ লাখ ৭৬ হাজার রুপি অতিরিক্ত বেরিয়ে গেছে।
জিতেশ দিবাকর বলেন, ‘বিষয়টি নিয়ে প্রথমে আমি আমার বাবাকে ফোন করি। তিনি চাচাকে সঙ্গে নিয়ে আমার কাছে আসেন। এরপর আমরা বিষয়টি ব্যাংকের ব্যবস্থাপককে জানাই।’
ব্যাংকটির ব্যবস্থাপক হরিশঙ্কর মিনা বলেন, এটিএম মেশিনে ১০০ রুপির নোট রাখার জায়গায় (স্লট) হয়তো দুই হাজার রুপির নোট রাখায় এমনটি হতে পারে। তবে সাধারণত ১০০ রুপির নোট রাখার জায়গায় দুই হাজার রুপির নোট ভরানো সম্ভব নয়। তা–ও এমনটা কেন হলো তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
হরিশঙ্কর মিনা আরও বলেন, ওই এটিএম মেশিনে জিতেশের আগে আরও অন্তত ১০ জন গ্রাহকের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। তাঁদের মধ্যে কেবল জিতেশই বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়েছেন। দুই ঘণ্টার মধ্যে এটিএমের এই বিপর্যয় ঘটেছে। এই সময়ে কারা কারা ওই এটিএম থেকে অর্থ তুলেছেন, তার রেকর্ড দেখা হচ্ছে। চিহ্নিত হওয়ার পর তাঁদের সঙ্গে যোগাযোগ করে অতিরিক্ত অর্থ ফেরত চাওয়া হবে। এ ব্যাপারে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।