টাটা থেকে যে কারণে সাইরাসের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইরাস মিস্ত্রি
সাইরাস মিস্ত্রি

ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী টাটা গ্রুপের চেয়ারম্যান পদ থেকে সাইরাস মিস্ত্রিকে সরিয়ে দেওয়ার এক দিন পর তাঁর বিরুদ্ধে প্রতিষ্ঠানটির স্বার্থবিরোধী কাজের অভিযোগ আনা হয়েছে। সাইরাসকে সরিয়ে আগের চেয়ারম্যান রতন টাটাকে ফিরিয়ে আনা হয় গতকাল সোমবার। এখন রতন-ঘনিষ্ঠরাই এসব অভিযোগ এনেছেন বলে আজ এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।

সাইরাসের বিরুদ্ধে পরিবারের ‘মূল্যবান সম্পদ বিক্রির অভিপ্রায়ের’ অভিযোগ উঠেছে। এ ছাড়া জাপানি কোম্পানি ডোকোমোর সঙ্গে মামলায় ১২০ কোটি ডলার খোয়ানোয় ব্যর্থতার অভিযোগও তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে।

চার বছর ধরে চেয়ারম্যান থাকার পর সাইরাস মিস্ত্রি এ পদ থেকে চলে যেতে বাধ্য হলেন। তিনিই টাটা অ্যান্ড সন্স কোম্পানিতে প্রথম চেয়ারম্যান ছিলেন, যিনি এ পরিবারের সরাসরি সদস্য ছিলেন না। সাইরাস ছিলেন টাটা অ্যান্ড সন্সের অন্যতম বড় সহযোগী গোষ্ঠী শাপুরজি পালোনজি পরিবারের সদস্য। বিশ্বের প্রায় ১০০টি দেশে এ গোষ্ঠীর কার্যক্রম রয়েছে।

ফের চেয়ারম্যান হিসেবে টাটার দায়িত্ব নেওয়া চেয়ারম্যান রতন টাটার ঘনিষ্ঠ ব্যক্তিরা অভিযোগ করেছেন, কয়েক মাস ধরেই এ গোষ্ঠীর পরিচালনা পরিষদের সঙ্গে সাইরাস মিস্ত্রির মন–কষাকষি চলে আসছিল। জাপানি কোম্পানি ডোকোমোর সঙ্গে মামলায় হারাটাই কাল হয়ে দাঁড়ায় সাইরাসের জন্য। ২০০৯ সালে এ কোম্পানিটি টাটা টেলিসার্ভিসেস লিমিটেডের ২৬ দশমিক ৫ শতাংশ শেয়ার কেনে। তবে ২০০১৪ সালেই কোম্পানিটি টাটার সঙ্গ ছাড়তে চায়। তারা আগের নির্ধারিত দামেই তাদের শেয়ার বিক্রি করতে চায় এবং এ জন্য গ্রাহক খুঁজতে বলে টাটাকে। টাটা কোনো গ্রাহক খুঁজতে ব্যর্থ হয়ে নিজেরাই এ শেয়ার কিনতে চায়। তবে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া তাতে বাদ সাধে। তারা বলে, এটি নিয়মের লঙ্ঘন। ডোকোমো এরপর আন্তর্জাতিক সালিসের দ্বারস্থ হয়। রায় যায় ডোকোমোর পক্ষে। টাটাকে ১২০ কোটি ডলার দিতে হয়।

দীর্ঘ সময় ধরে রতন টাটাকে যাঁরা পরামর্শ দিয়েছেন, সাইরাস চেয়ারম্যান হওয়ার পর তাঁদের সঙ্গে কোনো আলাপই করেননি বলে অভিযোগ। ফলে রতনের সমর্থক শিবিরে সন্দেহ দানা বাঁধে সাইরাসের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে পরিবারের সম্পদ বিকিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ ছাড়া টাটার মালিকানাধীন তাজ বোস্টন হোটেল বিক্রির সিদ্ধান্তও ক্ষুব্ধ করে টাটা পরিবারকে। টাটার বিখ্যাত গাড়ি জাগুয়ার ল্যান্ড রোভারের ব্যবসার ক্ষেত্রে উন্নতি না হওয়ার জন্যও ক্ষোভ রয়েছে সাইরাসের প্রতি।

গত সোমবার টাটার পরিচালনা পরিষদের নয় সদস্যের মধ্যে ছয়জনই সাইরাসকে অপসারণের পক্ষে ছিলেন। দুজন ভোটদানে বিরত ছিলেন। আর পরিষদের পরিচালক সাইরাস নিজে ভোট দিতে পারেননি।