টিকার দুই ডোজের বেশি ব্যবধানে ঝুঁকিও বেশি: ফাউসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান্থনি ফাউসি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেছেন, দুই ডোজের মধ্যে সময়ের ব্যবধান বেশি হলে টিকাগ্রহীতা করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকির মুখে পড়তে পারেন। গতকাল শুক্রবার ভারতের গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

করোনা টিকার সংকট দেখা দেওয়ার পর টিকাদানের গাইডলাইনে কিছু পরিবর্তন এনেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল ফাউসিকে। প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ফাইজার ও মডার্নার মতো এমআরএনএ টিকার দুই ডোজের মধ্যে সময়ের আদর্শ ব্যবধান হলো যথাক্রমে তিন ও চার সপ্তাহ। সমস্যা হলো, এই দুই ডোজের মধ্যে সময়ের ব্যবধান যদি আপনি বাড়িয়ে দেন, তবে করোনার বিভিন্ন ধরন টিকাগ্রহীতার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।’

ফাউসি এর ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আমরা যুক্তরাজ্যের ক্ষেত্রে দেখেছি, তারা দুই ডোজের মধ্যে সময়ের ব্যবধান বাড়িয়েছিল। এই সময়ের মধ্যে করোনার বিভিন্ন ধরনে আপনি সংক্রমিত হতে পারেন। তাই আমরা পরামর্শ দিয়েছি, যে শিডিউল রয়েছে, তার মধ্যে টিকা গ্রহণ করুন।’ তবে তিনি এও বলেছেন, যদি টিকার সরবরাহ খুবই কম থাকে, তবে দুই ডোজের মধ্যে সময় বাড়ানো জরুরি হয়ে পড়ে।

ভারতের করোনাভাইরাসের টিকার সংকট দেখা দেওয়ার পর অ্যাস্ট্রাজেনেকার টিকার দুই ডোজের মধ্যে সময়ের ব্যবধান বাড়িয়ে ১২ থেকে ১৬ সপ্তাহ করা হয়। যদিও এই দুই ডোজের মধ্যে সময়ের ব্যবধান ছিল ৬ থেকে ৮ সপ্তাহ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো দুই ডোজের মধ্যে সময়ের ব্যবধান বাড়ানো হলো। এর আগে গত মার্চে টিকার দুই ডোজের মধ্যে সময়ের ব্যবধান ২৮ দিন থেকে বাড়িয়ে ৬ থেকে ৮ সপ্তাহ করা হয়। তখন বলা হয়েছিল, ‘ভালো ফলের জন্য’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে ভারতে শনাক্ত ডেলটা ধরন থেকে জনসাধারণকে সুরক্ষা দিতে টিকা দেওয়ার ওপর জোর দিয়েছেন ফাউসি। কারণ এ ধরন অন্যগুলোর তুলনায় অনেকে বেশি সংক্রামক।

এই ডেলটা ধরন নিয়েও কথা বলেছেন ফাউসি। তিনি বলেন, ভারতের বিভিন্ন রাজ্যে এ ধরনই সবচেয়ে বেশি ছড়াচ্ছে। এ কারণে যেসব দেশে এ ধরন ছড়িয়েছে, তাদের এ নিয়ে সচেতন হওয়া উচিত।