টিকার ভয়ে গাছের মগডালে
ইনজেকশন বা টিকা নেওয়ার ক্ষেত্রে কারও কারও মধ্যে ভীতি দেখা যায়। স্বজনেরা অনেক সময় এমন মানুষজনকে জোরাজুরি করে টিকা নিতে বাধ্য করেন। আর করোনার টিকা নেওয়ার ক্ষেত্রে শুরুর দিকে অনেকের মধ্যে নানা ধরনের আশঙ্কা ছিল। তবে সময় যত গড়িয়েছে, সেই আশঙ্কাও ধীরে ধীরে কেটে গেছে। কিন্তু ভয় কাটেনি ভারতের তেলেঙ্গানা রাজ্যের গাউসুদ্দিনের। তাই টিকা নেওয়ার ভয়ে বিচিত্র এক কাণ্ড করে বসলেন তিনি!
মধ্যপ্রাচ্যভিত্তিক গালফ নিউজ-এর খবরে বলা হয়, শতভাগ মানুষকে করোনার টিকা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে তেলেঙ্গানার স্বাস্থ্য বিভাগ। এই লক্ষ্য পূরণে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে টিকা দিচ্ছেন। কিন্তু গাউসুদ্দিন টিকা নিতে রাজি ছিলেন না। তাঁর বাবা সরদার আলী, পরিবারের অন্যান্য সদস্য, এমনকি প্রতিবেশীরাও চাইছিলেন গাউসুদ্দিন টিকা নিক। এ জন্য তাঁরা গাউসুদ্দিনকে বোঝানোর চেষ্টাও করেন। কিন্তু কোনো কাজ হয়নি। এরপর দেখা গেল, স্বাস্থ্যকর্মীরা বাড়ি এসেছেন টিকা দিতে। সেটা টের পেয়ে গাছের মগডালে উঠে পড়েন ৩৩ বছর বয়সী গাউসুদ্দিন। এরপর এক ঘণ্টা গাছে বসে ছিলেন তিনি। নানাভাবে বুঝিয়েও তাঁকে গাছ থেকে নামানো যায়নি। স্বাস্থ্যকর্মীরা চলে যাওয়ার পর নিজেই গাছ থেকে নেমে আসেন তিনি।
অন্য অনেক দেশের তুলনায় করোনাভাইরাসের টিকা প্রয়োগের ক্ষেত্রে এগিয়ে গেছে ভারত। গুগলের দেওয়া তথ্য অনুসারে, দেশটিতে ১৩০ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। দুই ডোজ টিকা পেয়েছেন ৪৯ কোটির বেশি মানুষ। এ ছাড়া ভারতে টিকা প্রয়োগের ক্ষেত্রে শীর্ষ অবস্থানে তেলেঙ্গানা। দ্য হিন্দুর দেওয়া তথ্য অনুসারে, সারা দেশে এক ডোজ টিকা নিয়েছেন ৭৯ শতাংশ মানুষ। আর তেলেঙ্গানায় সেই হার ৮৪ দশমিক ৩ শতাংশ।
রাজ্য সরকারের এমন সাফল্যের মধ্যেও এমন কিছু ঘটনা ঘটছে, যা সংবাদ শিরোনাম হচ্ছে। গাউসুদ্দিন যে জেলার বাসিন্দা, সেই জেলাতেই আরেকটি ঘটনা ঘটেছে। সানগারেড্ডি শহরে একদল মানুষ টিকা নিতে রাজি নন। টিকা নেবেন না বলে তাঁরা সেখানকার টিকাদানকর্মীদের ওপর হামলাও চালিয়েছেন।